একটি গোষ্ঠী একাত্তরকে পেছনে ফেলতে চায়: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

একটি গোষ্ঠী একাত্তরকে পেছনে ফেলতে চায়: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ছবিঃ মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও— বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একাত্তরের মহান স্বাধীনতাই আমাদের অস্তিত্বের মূল ভিত্তি। কিন্তু দুঃখজনকভাবে একটি গোষ্ঠী সেই একাত্তরকে পেছনে ফেলতে চায়। একাত্তরকে অস্বীকার করলে আমাদের অস্তিত্বই সংকটে পড়ে যাবে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ঠাকুরগাঁও পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজিত এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, একাত্তর আমাদের একটি স্বাধীন দেশ, একটি ভূখণ্ড এবং একটি পরিচয় দিয়েছে। এই স্বাধীনতার মাধ্যমে আমরা বেঁচে থাকার, সামনে এগিয়ে যাওয়ার এবং আমাদের সন্তানদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ পেয়েছি। একাত্তরের গুরুত্ব কোনোভাবেই অস্বীকার করার সুযোগ নেই।

তিনি আরও বলেন, দুর্ভাগ্যজনকভাবে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে একাত্তরের ইতিহাসকে আড়াল করতে চায়। কিন্তু একাত্তরকে পেছনে ফেললে বাংলাদেশ নামের রাষ্ট্রের অস্তিত্বই থাকবে না। একাত্তরই আমাদের মূল পরিচয়, এটাকে ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। বিএনপির মহাসচিব অভিযোগ করে বলেন, ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এবং মিথ্যাচার চালানো হচ্ছে, যা দেশের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। নির্বাচনী সভায় পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম