খুলনায় প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার

খুলনায় প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার
ধর্ষণ: ছবিঃ প্রতীকী

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

খুলনা নগরে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শিপন কুমার (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার শিপন স্থানীয় একটি বাড়িতে তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। ঘটনার দিন বিকেলে প্রাইভেট পড়া শেষে সে বাসায় একা ছিল। ওই সময় শিশুটির মা পাশের একটি বাড়িতে কাজ করছিলেন। এই সুযোগে শিপন শিশুটিকে খাবার কিনে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে ঘটনা কারও কাছে প্রকাশ না করতে শিশুটিকে ভয়ভীতি দেখান তিনি। তবে বাড়িতে ফিরে শিশুটি মাকে সব খুলে বলে। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান জানান, শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়েরের পর শনিবার রাতেই শিপনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ