রাজশাহীর মোহনপুরে জমি বিরোধে হামলা-ভাঙচুর, নারীদের শ্লীলতাহানির অভিযোগ

রাজশাহীর মোহনপুরে জমি বিরোধে হামলা-ভাঙচুর, নারীদের শ্লীলতাহানির অভিযোগ
ছবিঃ মোঃ রাজিব খাঁন

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

বাড়িঘর ভাঙচুর, আমগাছ কেটে ক্ষতি—স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ; আহতদের হাসপাতালে ভর্তি রাজশাহীর মোহনপুর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষকের বাড়িতে হামলা, ভাঙচুর, নারীদের মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাড়িঘর ভাঙচুর, গাছ কাটা ও স্বর্ণালংকার লুটসহ কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। অভিযোগ সূত্রে জানা যায়, মোহনপুর থানাধীন আত্রাই গ্রামের বাসিন্দা কৃষক মো. মোনারুল ইসলাম (৪৬) জানান, দীর্ঘদিন ধরে একই গ্রামের কয়েকজনের সঙ্গে তাদের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। গত ১১ মার্চ ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে প্রতিপক্ষের ১২ জন লোক দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অবৈধভাবে তার বসতবাড়িতে প্রবেশ করে। এ সময় তারা ঘরের দরজা-জানালা, টিন ও আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ২ লাখ টাকার ক্ষতি সাধন করে বলে অভিযোগ করা হয়। এছাড়া বাড়ির ২০টি আমগাছ কেটে ফেলে প্রায় ৫ হাজার টাকার ক্ষতি করা হয়েছে। হামলার সময় বাড়ির সদস্যরা বাধা দিতে গেলে কয়েকজন নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে রয়েছেন শরীফা (৪০), রেবেকা (২৭), সেলিনা (৩৬) ও মর্জিনা (৪৫)। তাদের লোহার রড, লাঠি ও হাসুয়া দিয়ে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া হামলার সময় নারীদের গলায় থাকা দুইটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা। ঘটনার পর আহতদের মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে বিষয়টি নিয়ে ভুক্তভোগী মো. মোনারুল ইসলাম মোহনপুর থানায় লিখিত অভিযোগ (এজাহার) দায়ের করেছেন। ভুক্তভোগী পক্ষের দাবি, হামলাকারীরা তাদের প্রাণনাশের হুমকিও দিয়ে গেছে। এ বিষয়ে মোহনপুর থানার পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন