বাইশারীতে তেলের বাজারে অরাজকতা: ২০০ টাকায়ও মিলছে না তেল, লাইসেন্সবিহীন বিক্রির অভিযোগ

বাইশারীতে তেলের বাজারে অরাজকতা: ২০০ টাকায়ও মিলছে না তেল, লাইসেন্সবিহীন বিক্রির অভিযোগ
ছবিঃ এম হাবিবুর রহমান রনি

দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এলাকায় তেল এখন যেন “সোনার হরিণ” হয়ে দাঁড়িয়েছে। বাজারে তেলের তীব্র সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। অভিযোগ রয়েছে, প্রতি লিটার তেল ২০০ টাকা দামে বিক্রি হলেও প্রয়োজন অনুযায়ী তেল পাচ্ছেন না ভোক্তারা। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় লাইসেন্সবিহীনভাবে তেল বিক্রির প্রবণতা বেড়েছে। কিছু অসাধু ব্যবসায়ী সীমিত সময়ের জন্য দোকান খুলে নির্দিষ্ট ক্রেতা বাছাই করে অতিরিক্ত দামে তেল বিক্রি করছেন। এতে সাধারণ ক্রেতারা ন্যায্য মূল্যে তেল থেকে বঞ্চিত হচ্ছেন। অভিযোগের বিষয়ে তেল ব্যবসায়ী মনজুর আলম বলেন, “আমরা ১৩৫ টাকা দরে তেল কিনে ১৪০ টাকায় বিক্রি করছি।” তবে স্থানীয়দের দাবি, বাস্তবে এর চিত্র ভিন্ন; গোপনে বেশি দামে তেল বিক্রি করা হচ্ছে।

এদিকে, জহির আলমের দোকানের সামনে প্রায়ই তেল নিয়ে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়। নিয়মিত ক্রেতারা অভিযোগ করে বলেন, তারা দীর্ঘদিনের গ্রাহক হওয়া সত্ত্বেও তেল পাচ্ছেন না। অথচ তাদের সামনেই অন্যদের কাছে বেশি দামে তেল বিক্রি করা হচ্ছে। আরও অভিযোগ উঠেছে, কিছু তেল নির্দিষ্টভাবে প্রশাসনের কাছে স্বল্প মূল্যে সরবরাহ করা হলেও সাধারণ জনগণ সেই সুবিধা পাচ্ছেন না। এ বিষয়ে প্রশাসনের কার্যকর নজরদারির অভাব রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। এ অবস্থায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক করা দাবি জানিয়েছেন।

দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি