বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি-এ “এআই ফর ফিউচার লিডারস : ক্যাম্পাস টু কর্পোরেট” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি-এ “এআই ফর ফিউচার লিডারস : ক্যাম্পাস টু কর্পোরেট” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:

বৈশ্বিক কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিস্তারের প্রেক্ষাপটে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে শিক্ষার্থীদের প্রস্তুত করতে বগুড়ায় টিএমএসএস পরিচালিত পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি-এ অনুষ্ঠিত হলো “এআই ফর ফিউচার লিডারস : ক্যাম্পাস টু কর্পোরেট” শীর্ষক এক দিনব্যাপী কর্মশালা। শনিবার ২৫ এপ্রিল সকালে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন এবং ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ রফিকুল আহসানের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নেটকম লার্নিং বাংলাদেশ-এর হেড অব ট্রেনিং অ্যান্ড সলিউশনস মোঃ ইমদাদুল ইসলাম ইমদাদ এবং একই প্রতিষ্ঠানের সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট ফাহমিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা বেগম বলেন, “বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু প্রযুক্তির একটি শাখা নয়, বরং এটি অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য ও শিল্প খাতে এক নতুন বিপ্লবের সূচনা করেছে। আমাদের শিক্ষার্থীদের এখন থেকেই এআই দক্ষতায় পারদর্শী করে তুলতে হবে, যাতে তারা ভবিষ্যৎ কর্পোরেট বিশ্বে নেতৃত্ব দিতে পারে।”তিনি আরও বলেন, কেবল তাত্ত্বিক জ্ঞান নয়, বাস্তবভিত্তিক প্রশিক্ষণ ও গবেষণার মাধ্যমে শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। টিএমএসএস সবসময় আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। প্রবন্ধ উপস্থাপক মোঃ ইমদাদুল ইসলাম ইমদাদ তাঁর বক্তব্যে বলেন, এআই এখন আর ভবিষ্যতের বিষয় নয়—এটি বর্তমান বাস্তবতা। চাকরির বাজারে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের মেশিন লার্নিং, ডেটা অ্যানালিটিক্স ও অটোমেশন সম্পর্কে দক্ষতা অর্জন জরুরি।” তিনি শিক্ষার্থীদের নিয়মিত অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে আপডেটেড থাকার পরামর্শ দেন।

ফাহমিদুল ইসলাম তাঁর উপস্থাপনায় কর্পোরেট জগতে এআই-এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরে বলেন, স্মার্ট সিদ্ধান্ত গ্রহণ, গ্রাহক সেবা উন্নয়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে বাস্তব দক্ষতা অর্জন করা প্রয়োজন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ও টিএমএসএস'র উপনির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডা. মোঃ মতিউর রহমান (পিএইচডি)। এছাড়াও উপস্থিত ছিলেন বিওটি সদস্য ও টিএমএসএস-এর উপদেষ্টা আয়শা বেগম, ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ, মনিরুল মাহতাব তমাল তরু এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (ভারপ্রাপ্ত) ও পরিচালক (অর্থ) মোঃ আফসার আলী (এফসিএমএ)। কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এআই-এর বিভিন্ন দিক সম্পর্কে বাস্তবসম্মত ধারণা লাভের পাশাপাশি ক্যাম্পাস থেকে কর্পোরেট জগতে প্রবেশের প্রস্তুতি বিষয়ে দিকনির্দেশনা পান। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সময়োপযোগী কর্মশালার আয়োজন অব্যাহত থাকবে। উল্লেখ্য, আধুনিক শিক্ষা ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে টিএমএসএস পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। অনুষ্ঠানে ইউনিভার্সিটির সকল বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, টিএমএসএস'র উর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী, নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান