কুমিল্লার সড়কে মাদক কারবারিদের রমরমা বাণিজ্য: মাইক্রোবাসভর্তি ১০০ কেজি গাঁজাসহ আটক ২
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি নোয়াহ মাইক্রোবাস থেকে ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)। বুধবার (১৫ জুলাই) সকালে র্যাব-১১, সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। আটককৃতরা হলেন—কুমিল্লা নগরীর দ্বিতীয় মুরাদপুর এলাকার মো. বেলাল হোসেনের ছেলে মো. অন্তর (২৫) এবং নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার চনপাড়া গ্রামের মো. মুজিবুর রহমানের ছেলে মো. বাঁধন (২৩)। র্যাব জানায়, অভিযানের সময় আটক দুই ব্যক্তির হেফাজতে থাকা নোয়াহ মাইক্রোবাস তল্লাশি করে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, তারা দীর্ঘ দিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে মাইক্রোবাসযোগে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা পর্যায়ে সরবরাহ করে আসছিলেন। র্যাব-১১ জানায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকের মতো সামাজিক ব্যাধি নির্মূলে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ