সিরাজগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন
দৈনিক বিজয় নিউজ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।রবিবার (২৬ জুলাই ২০২৬) সকাল সাড়ে ১০টায় সামাজিক বন বিভাগ, পাবনার আয়োজনে এবং জেলা প্রশাসন, সিরাজগঞ্জের সার্বিক সহযোগিতায় পৌর শহরের মুক্তির সোপানে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনের আগে কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তির সোপানে এসে শেষ হয়। পরে প্রধান অতিথি সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম ফিতা কেটে ও রঙিন বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। স্বাগত বক্তব্য দেন সামাজিক বন বিভাগ, পাবনার বিভাগীয় বন কর্মকর্তা কাজী তারিকুর রহমান। সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, “শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণকৃত গাছের যথাযথ সংরক্ষণও নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে বন বিভাগসহ সংশ্লিষ্ট সবাইকে আরও সমন্বিতভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “সামাজিকভাবে সবাইকে সম্পৃক্ত করে বৃক্ষরোপণ ও সংরক্ষণ কার্যক্রম পরিচালনা করা গেলে সরকারের ২৫ কোটি চারা রোপণ কর্মসূচি সফল হবে। নতুন প্রজন্মের কাছে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা তৈরিতে এ ধরনের মেলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শুধু মেলা আয়োজন করলেই হবে না, সারা বছরই বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রাখতে হবে।” অনুষ্ঠানে প্রধান অতিথি সামাজিক বনায়নের ১০০ জন উপকারভোগীর হাতে চেক তুলে দেন। এ সময় প্রত্যেককে ৩২ হাজার ৭৫৬ টাকা করে মোট ৩৯ লাখ ৩৫ হাজার ১৬০ টাকা বিতরণ করা হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল এবং সিরাজগঞ্জ জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি আকাব্বর আলী। এ সময় উপস্থিত ছিলেন বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদযাপন কমিটির সদস্য সচিব ও বন সংরক্ষক সহকারী রিজিয়া পারভীন, সিরাজগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনারবৃন্দ, বন বিভাগের কর্মকর্তা, বিভিন্ন নার্সারির মালিক, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা নুর নব্বী খান জুয়েল।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ হোসেন আলী ছোট্ট