পাবনায় পুলিশের মাসিক কল্যাণ সভা ও অবসরজনিত বিদায় সংবর্ধনা

পাবনায় পুলিশের মাসিক কল্যাণ সভা ও অবসরজনিত বিদায় সংবর্ধনা
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:

পাবনায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জুলাই) সকাল ১০টায় পাবনা পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা এএসআই আব্দুর দলিল মিলনায়তন ড্রিলশেডে এ সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পাবনার পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ। এতে জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফগন উপস্থিত ছিলেন। মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও পর্যায়ের পুলিশ সদস্য এবং সিভিল স্টাফদের বিভিন্ন সমস্যা, সুবিধা-অসুবিধা ও কল্যাণ সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় অংশগ্রহণকারীরা তাদের কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা তুলে ধরেন। এ সময় পুলিশ সুপার মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশ উন্নয়ন ও দায়িত্ব পালনে বিভিন্ন বাস্তব সমস্যার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে আরও আন্তরিক, দায়িত্বশীল ও জনবান্ধব হওয়ার আহ্বান জানানো হয়। এ সময় জেলার পাঁচজন পুলিশ সদস্যের অবসর জনিত বিদায় উপলক্ষে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। দীর্ঘদিন পুলিশ বাহিনীতে দায়িত্ব পালন শেষে অবসরে যাওয়া এসব সদস্যকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়। বিদায়ী সদস্যদের কর্মজীবনের অবদানের কথা স্মরণ করে তাদের সুস্বাস্থ্য, সুখী ও শান্তিময় অবসরজীবন কামনা করা হয়।সভায় পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনই পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব।

এজন্য প্রত্যেক পুলিশ সদস্যকে পেশাগত আচরণ ও সেবার মান আরও উন্নত করতে হবে। প্রতিটি থানাকে জনগণের ভরসা ও নির্ভরতার কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, পুলিশকে জনগণের আরও কাছাকাছি গিয়ে কাজ করতে হবে। মানবিক, জনবান্ধব ও দায়িত্বশীল পুলিশিং কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের নিরাপত্তা ও সেবার নিশ্চয়তা নিশ্চিত করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও সুদৃঢ় করার জন্য সবাইকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পুলিশ সুপার জেলার প্রতিটি পুলিশ সদস্যকে সততা, পেশাদারিত্ব ও ন্যায় নিষ্ঠা, মানবিক মূল্যবোধকে ধারণ করে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।তিনি বলেন, জনগণের সঙ্গে ভালো আচরণ এবং দ্রুত সেবা প্রদান পুলিশের প্রতি মানুষের আস্থা আরও বাড়াবে। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজিনুর রহমানসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্য ও সিভিল স্টাফরা উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান