কুমিল্লার বুড়িচঙে বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ চুরি: খবর শুনে স্ট্রোক করে শাশুড়ির মৃত্যু, এলাকা জুড়ে আতঙ্ক!

কুমিল্লার বুড়িচঙে বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ চুরি: খবর শুনে স্ট্রোক করে শাশুড়ির মৃত্যু, এলাকা জুড়ে আতঙ্ক!
ছবিঃ সুমন আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার বুড়িচং উপজেলার রাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ও তার প্রবাসফেরত ভাইয়ের বাড়িতে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরের দল ঘরের আলমারি ভেঙে নগদ লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। মর্মান্তিক বিষয় হলো, এই চুরির খবর শোনার সঙ্গে সঙ্গেই হৃদরোগে আক্রান্ত হয়ে (স্ট্রোক) মারা গেছেন বিএনপি সভাপতির শাশুড়ি হাসনেরা বেগম। একই সাথে চুরি ও মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। ​স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২৫ জুলাই) সকালে পরিবারের সদস্যদের নিয়ে রাজপুর গ্রামের ডা. জাহাঙ্গীর আলমের বাড়িতে একটি আত্মীয়ের বৌ-ভাত অনুষ্ঠানে যোগ দিতে যান আবুল কালাম আজাদ। বাড়ি ফাঁকা থাকার সুবাদে সংঘবদ্ধ চোরের দল ঘরের কলাপসিবল গেট ও আলমারি ভেঙে নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা এবং দুই ভরি স্বর্ণালংকার চুরি করে। ​পাশাপাশি, তার প্রবাসফেরত ভাই মো. শামীম মিয়ার ঘর থেকেও ৯ লাখ ৫০ হাজার টাকা এবং তিন ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। সব মিলিয়ে প্রায় ১৩ লাখ টাকা এবং পাঁচ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে বলে নিশ্চিত করেছেন ভুক্তভোগীরা।

​চুরির এই সংবাদ বাড়িতে পৌঁছানোর পর থেকেই পরিবারের সদস্যদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে খবরটি শোনার সঙ্গে সঙ্গেই ব্রাহ্মণপাড়া উপজেলার মল্লিকা দীঘির বাসিন্দা এবং বিএনপি সভাপতির শাশুড়ি হাসনেরা বেগম মানসিকভাবে ভেঙে পড়েন এবং অতিরিক্ত উদ্বেগে স্ট্রোক করেন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক মৃত্যু হয়। এক বাড়িতে দুর্ধর্ষ চুরি এবং ঠিক তার পরেই শাশুড়ির মৃত্যুর এই সংবাদ এলাকায় তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। ​ঘটনার পর ভুক্তভোগী আবুল কালাম আজাদ বাদী হয়ে বুড়িচং থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলার পর নড়েচড়ে বসে পুলিশ। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে পুলিশ রাজাপুর লিটন ডেকোরেটরের দুই কর্মচারীকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলেন—শংকুচাইল পশ্চিমপাড়ার মৃত সলিম খানের ছেলে মো. আব্দুল্লাহ খান এবং একই এলাকার মৃত রঞ্জু মিয়ার ছেলে মো. রাব্বি। ​শংকুচাইল বাজারের রহমান ফার্মেসির স্বত্বাধিকারী মো. সোহেল ক্ষোভ প্রকাশ করে বলেন, "ইদানিং বুড়িচং উপজেলার বিভিন্ন এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটছে। বিএনপি সভাপতির বাড়িতে এমন দুঃসাহসিক চুরি অত্যন্ত দুঃখজনক। এই ঘটনার আকস্মিকতা সইতে না পেরে শাশুড়ি হাসনেরা বেগম মারা গেছেন। আমরা সাধারণ ব্যবসায়ীরাও চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।" ​এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, চুরির ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। বর্তমানে তারা রিমান্ডে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ