দেবিদ্বারে চাঞ্চল্যকর ৪ লাখ টাকা চুরি: ঝিনাইদহ থেকে আন্তঃজেলা চোর চক্রের মূলহোতা গ্রেফতার, নগদ অর্থ উদ্ধার
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
চোখের পলকে পূবালী ব্যাংক থেকে গ্রাহকের ৪ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পালানোর শেষ রক্ষা হলো না! ঝিনাইদহ থেকে ঝটিকা অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের সেই সক্রিয় সদস্যকে একদম হাতেনাতে পাকড়াও করেছে দেবিদ্বার থানা পুলিশ। আজ শুক্রবার সকালে দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমাম হাসানের নেতৃত্বে এসআই ফিরোজ আহাম্মেদ ও তানভির হাসানসহ একদল পুলিশ ঝিনাইদহ সদর থানার কাঞ্চনপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত বিপ্লব হোসেন (৪০) চুয়াডাঙ্গার দর্শনা থানার বড় দুধপাতিলা গ্রামের নুরু মিয়ার ছেলে। আইনশৃঙ্খলা বাহিনীর এমন সাঁড়াশি ও বুদ্ধিদীপ্ত অভিযানে মুহূর্তেই ধরা পড়ে যায় এই চোর চক্রের সদস্য। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে চুরি যাওয়া টাকার মধ্যে ১ লাখ ৬১ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। অভিযানে অংশ নেওয়া এসআই ফিরোজ আহাম্মেদ জানান, সকল আইনি প্রক্রিয়া শেষে ঝিনাইদহ থেকে বিকেল সাড়ে ৫টার দিকে আসামি নিয়ে দেবিদ্বার থানায় পৌঁছায় পুলিশ টিম। ব্যাংক এলাকায় এ ধরনের অপরাধ দমনে পুলিশের এই তাৎক্ষণিক সাফল্য জনমনে স্বস্তি ফিরিয়ে এনেছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে অব্যাহত রয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ