ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে পুকুরে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলার বড়গাঁও ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে বিশ্বজিৎ শর্মা (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ১ নম্বর বড়গাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জালালী গ্রামে বাড়ির দক্ষিণ পাশের একটি ছোট পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিশ্বজিৎ শর্মা ওই গ্রামের জীবন শর্মার ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগে বিশ্বজিৎ তার দাদু কুলেশ্বরকে বলে, “দাদু, আমি মাছ মারব।” এরপর সে বাড়ির আশপাশে চলে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির দক্ষিণ পাশের পুকুরে শিশুটির সন্ধান পাওয়া যায়। স্থানীয়রা পানির নিচ থেকে বিশ্বজিৎকে উদ্ধার করে। তবে ততক্ষণে তার মৃত্যু হয়। স্থানীয়দের ধারণা, পাটক্ষেতের শিঞ্জা দিয়ে মাছ ধরতে পুকুরপাড়ে যাওয়ার সময় অসাবধানতাবশত পা পিছলে পানিতে পড়ে যায় শিশুটি। এদিকে শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন, প্রতিবেশী ও স্থানীয়রা তাদের বাড়িতে ভিড় করেন। পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকায় নেমে আসে শোকের ছায়া। ঘটনাস্থল ও নিহত শিশুর পরিবারের সঙ্গে কথা বলেন স্থানীয় জনপ্রতিনিধি সতিশ মেম্বার, বাবুল, তপনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম