পায়রা সেতু টোলপ্লাজায় ৩৭৫ পিস ইয়াবাসহ আটক ২
দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে লেবুখালী পায়রা সেতু টোলপ্লাজা সংলগ্ন সড়কে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৭৫ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে নিয়মিত চেকপোস্ট ডিউতিকালীন সময়ে তাঁদের আটক করে পুলিশ। আটককৃতরা হলেন—পটুয়াখালী সদর উপজেলার চর মৌশাদি গ্রামের হাবিবুর রহমানের ছেলে রাকিব হাওলাদার (২৪) এবং একই গ্রামের দেলোয়ার শিকদারের ছেলে সিদ্দিক শিকদার (২২)। পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে দুমকি থানার উপ-পরিদর্শক (এসআই) সজীব সঙ্গীয় ফোর্স নিয়ে লেবুখালী পায়রা সেতু টোলপ্লাজা এলাকায় চেকপোস্ট ডিউটি করছিলেন। এ সময় ওই দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাঁদের থামিয়ে তল্লাশি চালায়। পরে তাঁদের কাছ থেকে ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী একটি মামলা রুজু করা হয়েছে। তাঁদের আদালতে উপস্থাপন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাকির হোসেন গাজী