মির্জাগঞ্জে জাতীয় যুব দিবস পালিত ও ঋণের চেক বিতরণ
দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমুল মৃধা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসতিয়ার হোসেন। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশিক্ষণার্থী ও সুবিধাভোগী যুবক-যুবতীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা যুবসমাজকে দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, দক্ষতা অর্জন, আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে যুবসমাজকে স্বাবলম্বী হতে হবে। বেকারত্ব দূরীকরণ এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে যুবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে যুবকদের আত্মকর্মসংস্থানে উৎসাহিত করতে যুব ঋণের চেক বিতরণ এবং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন