ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, ভাষা শিক্ষায় নতুন সম্ভাবনা তৈরি করছে IML।
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রচলিত স্নাতক ভর্তি পরীক্ষার ক, খ, গ ও চ ইউনিটের বাইরে থেকেও বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে পড়াশোনার সুযোগ রয়েছে। আর সেই সুযোগ তৈরি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট (Institute of Modern Languages-IML)। এখানে বিভিন্ন বিদেশি ভাষার কোর্সে ভর্তি হয়ে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে নিয়মিত ক্লাস করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও সাংস্কৃতিক পরিবেশের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন।
আধুনিক ভাষা ইনস্টিটিউটে ভাষা শিক্ষার জন্য রয়েছে কয়েকটি পর্যায়ের কোর্স। এর মধ্যে রয়েছে এলিমেন্টারি, প্রি-ইন্টারমিডিয়েট, ডিপ্লোমা ও হায়ার ডিপ্লোমা। প্রতিটি পর্যায়ে ধাপে ধাপে ভাষা শিক্ষার দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।এলিমেন্টারি কোর্সের মাধ্যমে শিক্ষার্থীদের একটি নতুন ভাষার প্রাথমিক ধারণা দেওয়া হয়। সাধারণত এক বছর মেয়াদি এই সার্টিফিকেট কোর্সে ভাষার মৌলিক ব্যাকরণ, উচ্চারণ, শব্দভান্ডার এবং প্রাথমিক যোগাযোগের দক্ষতা শেখানো হয়। পরবর্তী ধাপ প্রি-ইন্টারমিডিয়েট কোর্সে শিক্ষার্থীরা ভাষার ব্যবহারিক দক্ষতা আরও উন্নত করার সুযোগ পান।
এরপর রয়েছে ডিপ্লোমা কোর্স, যেখানে ভাষার ব্যবহার, লিখন, পঠন ও কথোপকথনের দক্ষতা আরও বিস্তৃত করা হয়। সর্বশেষ পর্যায় হায়ার ডিপ্লোমা। এ পর্যায়ে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট ভাষার ওপর আরও গভীর জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পান।ইনস্টিটিউটটিতে ভাষার বৈচিত্র্যও উল্লেখযোগ্য। ইংরেজি, ফরাসি, জাপানি, চীনা, আরবি, কোরীয়, স্প্যানিশসহ প্রায় ১৪টি আধুনিক ভাষা শেখার সুযোগ রয়েছে। ফলে উচ্চশিক্ষা, চাকরি, আন্তর্জাতিক যোগাযোগ কিংবা ব্যক্তিগত আগ্রহ থেকে বিদেশি ভাষা শিখতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠানটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র হিসেবে বিবেচিত হচ্ছে।
আধুনিক ভাষা ইনস্টিটিউটের ক্লাসগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অবস্থিত ইনস্টিটিউটের নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়। এর ফলে বিভিন্ন বিভাগ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি কর্মজীবী এবং অন্যান্য আগ্রহী ব্যক্তিরাও ভাষা শিক্ষার সুযোগ পাচ্ছেন।বিশ্বায়নের এই সময়ে বিদেশি ভাষায় দক্ষতা অর্জন উচ্চশিক্ষা, কর্মসংস্থান ও আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করছে। সেই বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট শুধু ভাষা শেখার একটি প্রতিষ্ঠান নয়, বরং শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি বিকাশেরও একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র।
দৈনিক বিজয় নিউজ/ সাব্বির