নরসিংদীর শিবপুরে নকল বিড়ির কারখানা জব্দ মূল হোতা আটক!
দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ
এনএসআই তথ্যের ভিত্তিতে এনএসআই এবং ডিবি পুলিশের যৌথ অভিযানে শিবপুরে একাধিক বিড়ি কারখানা থেকে নকল ব্যান্ড রোল জব্দ এবং নকল ব্যান্ড রোল সরবরাহ চক্রের মূল হোতা আটক। নরসিংদীর শিবপুর উপজেলায় নকল ব্যান্ড রোল ব্যবহার করে বিড়ি উৎপাদন ও বিপুল পরিমাণ সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগে একাধিক বিড়ি তৈরির কারখানায় এনএসআই এবং ডিবি পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেছে। এ সময় আনুমানিক ১২ লক্ষ টাকার নকল ব্যান্ড রোল জব্দ করা হয়েছে। পাশাপাশি নকল ব্যান্ড রোল সরবরাহকারী চক্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত নেপাল দত্তকে আটক করা হয়েছে।
আজ (৮ নভেম্বর) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এবং সংস্থাটির সরাসরি অংশগ্রহণে নরসিংদীর শিবপুর উপজেলার কামড়াবো বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এনএসআইয়ের পাশাপাশি নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অংশ নেয়। অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিড়ি উৎপাদনে নকল ব্যান্ড রোল ব্যবহার করে সরকার নির্ধারিত শুল্ক ও কর ফাঁকি দেওয়ার মাধ্যমে দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতির আশঙ্কা রয়েছে। বৈধ ব্যান্ড রোলের পরিবর্তে নকল ব্যান্ড রোল ব্যবহার করা হলে সরকার প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত হয়। একই সঙ্গে এ ধরনের অবৈধ কার্যক্রমের ফলে বাজারে বৈধ উৎপাদকদের সঙ্গে অসম প্রতিযোগিতার সৃষ্টি হয় এবং সরকারের রাজস্ব ব্যবস্থাপনা হুমকির মুখে পড়ে। অভিযানে জব্দ করা নকল ব্যান্ড রোলের আনুমানিক আর্থিক মূল্য ১২ লক্ষ টাকা। আটক নেপাল দত্তের মাধ্যমে নকল ব্যান্ড রোল সরবরাহের একটি চক্র পরিচালিত হয়ে আসছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় জব্দ করা নকল ব্যান্ড রোলের পরিমাণ ও আর্থিক মূল্য নির্ধারণসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন