কুমিল্লায় ঝটিকা মিছিল ও নাশকতার ছক বানচাল: তিন দিনে আওয়ামী লীগের ৮১ নেতাকর্মী গ্রেপ্তার
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
সাম্প্রতিক সময়ে রাজনৈতিকভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও আইনশৃঙ্খলা বিনষ্টের উদ্দেশ্যে ঝটিকা মিছিলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগে কুমিল্লার বিভিন্ন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের ৮১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও সম্ভাব্য নাশকতা এড়াতে এ চিরুনি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তার ৮১ জনের মধ্যে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা এলাকা থেকে ১১ জন, বরুড়া ও চৌদ্দগ্রাম থেকে ১০ জন করে, চান্দিনায় ৭ জন, ব্রাহ্মণপাড়ায় ৫ জন, সদর দক্ষিণ, লাকসাম, নাঙ্গলকোট ও বাঙ্গরাবাজার থানায় ৪ জন করে নেতাকর্মী গ্রেপ্তার হন।
এছাড়া বুড়িচং ও হোমনা থানা পুলিশ ৩ জন করে; মনোহরগঞ্জ, দাউদকান্দি, মেঘনা ও দেবিদ্বারে ২ জন করে; এবং তিতাস ও মুরাদনগর থানা পুলিশ ১ জন করে আসামিকে আটক করে। একই অভিযানে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আরও ২ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, দেশের চলমান স্থিতিশীলতা বিনষ্ট করা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যেই নিষিদ্ধ সংগঠনের সদস্যরা গোপনে সংগঠিত হওয়ার চেষ্টা করছিল। আইনবিরোধী যেকোনো অপতৎপরতা ও সহিংসতা প্রতিরোধে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আটক নেতাকর্মীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ