কালুখালীর লাড়িবাড়ীতে সংখ্যালঘুর হাত-পা ভেঙ্গে দিয়ে বাড়ীতে হামলা ও লুটপাটের অভিযোগ

কালুখালীর লাড়িবাড়ীতে সংখ্যালঘুর হাত-পা ভেঙ্গে দিয়ে বাড়ীতে হামলা ও লুটপাটের অভিযোগ
ছবি: আঃ রহিম মোল্লা

দৈনিক বিজয় নিউজ রাজবাড়ী প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনের স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতিকের পক্ষে কাজ করায় ডিবি পুলিশ পরিচয়ে বাড়ীতে ঢুকে মঙ্গল চন্দ্র বিশ্বাস (৬৫) নামে এক সংখ্যালঘুর দুই পা ও একটি হাত ভেঙ্গে দিয়েছে চিহিৃতরা। এসময় তার বাড়ী ঘর তছনছ করাসহ নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুটপাট করে নিয়ে গেছে। মঙ্গল চন্দ্র বিশ্বাস কালুখালী উপজেলার লাড়িবাড়ী গ্রামের যতীন্দ্রনাথ বিশ্বাসের ছেলে। রবিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে কালুখালী উপজেলার লাড়িবাড়ী গ্রামের বাড়ীতে এ হামলার ঘটনা ঘটে।

মঙ্গল চন্দ্র বিশ্বাসের ছেলে সঞ্জয় বিশ্বাস বলেন, তিনি কৃষি কাজ করেন। সংসদ নির্বাচনে তার বাবা স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী হকের ঈগল প্রতিকে কাজ করেন। পার্শবর্তী গফুর, রফিক, আলম, আলী সহ তাদের লোকজন বিএনপির রাজনীতি করলেও তারা নৌকার পক্ষে কাজ করে। ইতিপূর্বে তারা তার বাবাকে মারধর করায় থানায় মামলা হয়। ওই মামলাটি আদালতে চলমান রয়েছে। রবিবার রাত পৌনে ২টার দিকে আগ্নেয়াস্ত্রসহ তাদের নেতৃত্বে ১৫-১৬জন বাড়ীতে ঢুকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ডাকাডাকি করতে থাকেন। পরে বাবা উঠলে তাকে পিটিয়ে দু’টি পা ও একটি হাত ভেঙ্গে দেয়। বাড়ীর অন্যান্য লোকজন তাকে বাঁচাতে গেলে তাদেরকেও মারধর করে। পরে ঘরে থাকা গরু ব্যবসার ২ লক্ষ ৯৩ হাজার নগদ টাকা, একটি স্বর্ণের চেইন, এক জোড়া স্বর্ণের কানের দুল ও ৩টি মোবাইল ফোন লুটপাট করে নিয়ে যায়। চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা বীরদর্পে চলে যায়। এ ঘটনায় তার ছোট ভাই কুমারেশ বিশ্বাস বাদী হয়ে সোমবার দুপুরে কালুখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।


স্থানীয় স্কুল শিক্ষক পরিমল বলেন, ডিবি পুলিশ পরিচয়ে বাড়ীতে ঢুকে ঘুম থেকে ডেকে তোলে। পরে মারধর করলে আমরা প্রথমে ভেবেছিলাম ডাকাত পড়েছে। পরে লোকজন ডাকচিৎকার করলে হামলাকারীরা পালিয়ে যায়। তাকে মারাত্বক আহত অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালে আনলে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের নির্বাচনের ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী হক বলেন, এ ধরণের ন্যাক্কার জনক হামলার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত অভিযান অব্যাহত রয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ আঃ রহিম মোল্লা