ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকেই ১৫ জনের মেডিকেলে ভর্তির সুযোগ
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
এমবিবিএস ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য পেয়েছে ঠাকুরগাঁও সরকারি কলেজের শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটি থেকে এ বছর ১৫ জন মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন।
রোববার (১১ ফেব্রুয়ারি) এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর কলেজ সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, চলতি বছর ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ৩৫০ জন শিক্ষার্থী অংশ নিয়ে জিপিএ-৫ পান ১৫১ জন। এর মধ্যে এবার ১৫ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।
মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীরা হলেন- খুশি আক্তার (ঢাকা মেডিকেল কলেজ), মো. সিয়াম (ময়মনসিংহ মেডিকেল কলেজ), মো. মাহমুদুল হাসান (ময়মনসিংহ মেডিকেল কলেজ), মো. মাশরাফী (সিলেট মেডিকেল কলেজ), মোছা. মাইসার (রাজশাহী মেডিকেল কলেজ), উৎপল রায় (যশোর মেডিকেল কলেজ), মোছা. মিতু আক্তার (রংপুর মেডিকেল কলেজ), উম্মে রুবাইয়া (শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ), প্রাপ্তি (কুষ্টিয়া মেডিকেল কলেজ), নুপুর (রাজশাহী মেডিকেল কলেজ), শিমু (বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, সুনামগঞ্জ), মমতাজ আক্তার (রংপুর মেডিকেল কলেজ), মনা (কুষ্টিয়া মেডিকেল কলেজ), মিরাজ চৌধুরী (সিলেট মেডিকেল কলেজ) এবং সুরফা (আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালী)।
কলেজটি থেকে প্রতি বছর উত্তীর্ণ বিপুলসংখ্যক শিক্ষার্থী শুধু মেডিকেল কলেজ নয় রুয়েট, কুয়েট ও চুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও ভর্তির সুযোগ পান। এবার রেকর্ড পরিমাণ শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় ঠাকুরগাঁও সরকারি কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ বিরাজ করছে।
ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল জলিল বলেন, ঠাকুরগাঁও সরকারি কলেজ উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী একটি শিক্ষাপ্রতিষ্ঠান। বরাবরই এই কলেজের শিক্ষার্থীরা ভালো ফল করেন। বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীরা মেধার স্বাক্ষর রাখেন। সুশৃঙ্খল পরিবেশ, পাঠদানে শিক্ষকদের আন্তরিকতা এবং কঠোর তদারকির ফলে এ বছর আমাদের কলেজ থেকে ১৫ জন শিক্ষার্থী মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছে। মূলত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এ বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় এ সফলতা অর্জন সম্ভব হয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাজিমুল ইসলাম