বগুড়ায় আনসার-ভিডিপি সদস্যদের মধ্যে কম্বল বিতরণ
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এর দিক নির্দেশনায় বগুড়া জেলা আনসার-ভিডিপি সদস্যদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। জেলা আনসার ভিডিপি কার্যালয়ে ২৩ ডিসেম্বর সদস্যদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। বগুড়া জেলার ১২ টি উপজেলার ২০০ জনের অধিক বয়স্ক ভাতাভোগী সদস্য জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে উপস্থিত হয়ে কম্বল গ্রহণ করেন। বাংলাদেশ আনসার ও ভিডিপি'র মহাপরিচালকের পক্ষে বগুড়া জেলা কমান্ড্যান্ট মোঃ সাদ্দাম হোসেন বাহিনীতে দীর্ঘদিন ধরে যেসকল সদস্য অক্লান্ত পরিশ্রম করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। জেলা কমান্ড্যান্ট আরো জানান, এ বাহিনীতে অনেক বয়োবৃদ্ধ সদস্য যারা দীর্ঘদিন রাষ্ট্রের সেবা ও সামাজিক নিরাপত্তামূলক কাজের সাথে জড়িত ছিল, নীতিমালা অনুযায়ী অনেকের বয়স উত্তীর্ণ হলেও বাহিনীর সংগে নাড়ীর টান ছাড়তে পারেনি। বাহিনীর মহাপরিচালক তাদের অবদানকে মনে রাখতে চান ও তৃণমূলের স্বেচ্ছাসেবী আনসার-ভিডিপি সদস্যদের কাজের স্বীকৃতি যথাযথভাবে দিতে চান। জেলা কমান্ড্যান্ট বলেন, আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে যারা দেশ ও মানুষের আর্থসামাজিক কল্যাণে নিয়োজিত আছেন, তাদের পাশে বাহিনী সবসময় দাঁড়াবে। এ সময় আনসার ভিডিপি'র বগুড়া সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সহ টিআইগন উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান