নেত্রকোনায় আনসার-ভিডিপি বাহিনীর কম্বল বিতরণ
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
সারা দেশ ব্যাপী হিমেল হাওয়া আর ঘনকুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। দিনের বেলা সূর্য দেখা মিললেও রাতে কনকনে শীত। ঠিক এই সময়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক সারা দেশে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নেত্রকোণা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্যদের মধ্যে ৩১ ডিসেম্বর মঙ্গলবার শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি এর নির্দেশনায় সারা দেশের ন্যায় নেত্রকোণা জেলায় কম্বল বিতরণ করা হয়। নেত্রকোনা সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মোঃ আবু সাইদ এর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ও কম্বল বিতরণ করেন নেত্রকোণা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোঃ সোহাগ হোসেন বিএএমএস। কম্বল বিতরণ অনুষ্ঠানে আগত সদস্যাদের উদ্দেশ্যে তিনি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে আনসার- ভিডিপি বাহিনীর অবদান ও ভবিষ্যতের করনীয় বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, দক্ষ মানব সম্পদ বৃদ্ধি, সামাজিক উন্নয়ন ত্বরান্তিত করণ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাসহ নানাবিধ স্বেচ্ছাসেবামূলক কাজের প্রতি সদস্যদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন। অনুষ্ঠানে নেত্রকোণা সদর উপজেলা প্রশিক্ষক সেবাশীষ কুমার সাহা প্রমুখ বক্তব্য দেন। উপজেলা প্রশিক্ষিকা ইলোরা তাহসিনা অনুষ্ঠান পরিচালনা করেন। কম্বল বিতরণ অনুষ্ঠানে সংগঠনের নানা কর্মকর্তা, ব্যাটালিয়ান আনসার, ইউনিয়ন দলনেতা, দলনেত্রী, সুবিধাভোগী সদস্য, অন্যান্য সদস্যবৃন্দ ও মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন। উল্লেখ্য অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার ২শত জন আনসার-ভিডিপি সদস্যদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান