স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে জমি দখল ও মারধর আর্মি ক্যাম্পে অভিযোগ
দৈনিক বিজয় নিউজ মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নে অন্যের জমি জোরপূর্বক দখল করে দেয়ার অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইলিয়াস সিকদারের বিরুদ্ধে। ইলিয়াস উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের চত্রা গ্রামের খলিল সিকদারের ছেলে। এ ঘটনায় সোমবার মির্জাগঞ্জ আর্মি ক্যাম্পে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী শাহিনুর বেগম।
অভিযোগ সূত্রে জানা যায়, পশ্চিম সুবিদখালী গ্রামের আলী আহম্মেদের সঙ্গে শাহিনুর বেগমের স্বামীর দীর্ঘদিন জমিজমা নিয়ে মামলা চলছিল। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পটুয়াখালী জেলা জজ আদালতে দেওয়ানি মামলা চলমান আছে। কিছুদিন আগে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টের মামলায় শাহিনুর বেগমের স্বামী মোশারফ জোমাদ্দারের পক্ষে রায় আসে। এতে আলী আহম্মেদ ক্ষিপ্ত হয়ে সোমবার ২০শে জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইলিয়াস সিকদারের নেতৃত্বে ৭-৮ জন লোক নিয়ে গিয়ে শাহিনুরের ভোগদখলীয় সম্পত্তিতে পিলার বসাতে যায়। এতে বাধা দিলে অভিযুক্তরা শাহিনুরকে বেধড়ক মারপিট করে। তাকে রক্ষা করার জন্য স্থানীয়রা এগিয়ে আসলে তাদেরকেও মেরে ফেলার হুমকি দেয় আলী আহম্মেদ ও ইলিয়াস সিকদার।
প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান বলেন, আলী আহম্মেদ ও ইলিয়াস সিকদার ৭-৮ জন লোক নিয়ে শাহিনুর বেগমের ভোগদখলী জমিতে পিলার স্থাপন করতে গেলে শাহিনুর বাধা দেয়। পরে তাকে বেধড়ক মারধর করে। এ বিষয়ে ইলিয়াস সিকদার বলেন, আমি ঘটনার সময় উপস্থিত ছিলাম না। অভিযোগ ভিত্তিহীন। এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিলন বলেন, কোনো নেতাকর্মী অনৈতিক কাজে যুক্ত হলে তার দায়ভার দল নেবে না। ইলিয়াস সিকদারের বিরুদ্ধে অভিযোগ পেলে যাচাই-বাছাই করে সত্যতা পেলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। মির্জাগঞ্জ থানার ওসি মো. শামীম হাওলাদার বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন