বিএনপি নেতার পদ স্থগিতের প্রতিবাদে ঝাড়ু মিছিল

বিএনপি নেতার পদ স্থগিতের প্রতিবাদে ঝাড়ু মিছিল
ছবিঃ মোঃ নাঈম আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের দলীয় পদ স্থগিত করার প্রতিবাদে ঝাড়ু মিছিল করেছে তার সমর্থকরা। শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সাহাদাত হোসেনের বিরুদ্ধে এ মিছিল করেন তারা। পরে করা হয় বিক্ষোভ সমাবেশ। মিছিলটি জেলার রাজপুর উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে স্থানীয় উপজেলা পরিষদ মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ হয়। এসময় বক্তারা নাসিম আকন এর স্থগিত প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, আকনের নেতৃত্বে গত ১৫ বছর ধরে রাজাপুর উপজেলা বিএনপি সুসংগঠিত হয়েছে। দলের দুর্দিনে সব সময় নেতাকর্মীদের খোঁজ খবর রাখেন তিনি, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে এমন সিদ্ধান্ত মেনে নেয়া যায় না।

সিন্ধান্ত পরিবর্তন না করলে দলের সব কর্মকান্ড থেকে নিজেদের বিরত রাখবো আমরা। দ্রুত স্থগিতাদেশ প্রত্যাহার না করলে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দেন তারা। এদিকে উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ আজ শনিবার রাতে প্রেসক্লাবে উপস্থিত হয়ে এক জরুরি সংবাদ সম্মেলন মাধ্যমে নাসিম আকনের দলীয় পদ স্থগিতাদেশের নিন্দা জিনিয়ে বলেন, সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন ছাড়া উপজেলা বিএনপি একেবারে অচল। তাকে ছাড়া উপজেলা বিএনপি চলতে পারবে না। দল চালাতে হলে নাসিম উদ্দিন আকনকে প্রয়োজন। দলের দুর্দিনেও দলের জন্য নাসিম উদ্দিন আকন বিশেষ ভূমিকা রেখেছিল।
 
প্রসঙ্গত, এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শনিবার দুপুরে ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের দলীয় পদ স্থগিত করে জেলা বিএনপি। সেই সাথে তাকে বিএনপির সকল কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশনা দেয়া হয়। ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘রাজাপুর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মো. নাসিম উদ্দিন আকনের দলীয় পদ ২৫ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। সাথে তাকে দলীয় সমস্ত কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ