নাইক্ষ্যংছড়ি'র ঘুমধুম সীমান্তে আরকান আর্মির গুলিতে ২ চোরাচালান পাচারকারী গুলিবিদ্ধ !

নাইক্ষ্যংছড়ি'র ঘুমধুম সীমান্তে আরকান আর্মির গুলিতে ২ চোরাচালান পাচারকারী গুলিবিদ্ধ !
ছবিঃ এম হাবিবুর রহমান রনি

দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম - মিয়ানমার সীমান্তে চোরাচালান পাচার করার সময় আরকান আর্মির ছোড়া গুলিতে দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে। তাদের মধ্যে একজন বাংলাদেশী অপরজন রোহিঙ্গা বলে জানা গেছে।
শুক্রবার (২১ মার্চ) দিবাগত রাত ৯ টার দিকে নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের ভাজাবনিয়া জিরো লাইনের পাশে এ ঘটনা ঘটে। আহতদের কে উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত জাহাঙ্গীর আলম (১৯) সে তুমব্রু উলুবুনিয়া পাড়ার নুরুল কবিরের ছেলে। অপরজন ভাজাবনিয়া এলাকার আব্দুল হাকিমের ছেলে মো.নুর হোসাইন (২৭)। তিনি রোহিঙ্গা বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম।

স্থানীয়রা জানান, জাহাঙ্গীর ও নুর হোসেন বিভিন্ন চোরাচালানের সাথে জড়িত থাকতে পারে। তারা সীমান্তের কাঁটাতার অতিক্রম করে পণ্য দেওয়া-নেওয়ার সময় ঐপার থেকে আরকান আর্মির সদস্যরা গুলি করে। এতে বাম পায়ের দুইস্থানে গুলিবিদ্ধ হয় জাহাঙ্গীর ও কিছুটা আহত হয় নুর হোসেন। তারা জানান হয়ত আরাকান আর্মির সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি করেছে। নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ( ওসি) মো: মাসরুরুল হক জানান, আরকান আর্মির গুলিতে একজন বাংলাদেশি ও একজন রোহিঙ্গা আহত হয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে কি কারণে তাদেরকে গুলি করা হয়েছে তা স্পষ্ট এখনো জানা যায়নি।

দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি