টেকনাফ এক লক্ষ ইয়াবা জব্দ, আটক ৫!
দৈনিক বিজয় নিউজ টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের কোস্ট গার্ড ও র্যাব এর যৌথ অভিযানে শাহপরীতে ১ লক্ষ পিস ইয়াবাসহ ৫ জন ইয়াবা পাচারকারী আটক করছে। আটকৃত পাচারকারী হলেন, এনায়েত উল্লাহ (৪১), নুর আলম (৩৮), মোঃ তুহা (২৫), আজিজুল্লাহ (২২), আব্দুল হামিদ (২৫)সকলেই টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। মঙ্গলবার (২৫ মার্চ) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ২ টায় কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট শাহপরী এবং র্যাব -১৫ সিপিসি-১ এর সমন্বয়ে টেকনাফের ঘোলার চর সংলগ্ন সমুদ্র এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশকৃত একটি ইঞ্জিন চালিত কাঠের বোট তল্লাশী করে ১ লক্ষ পিস ইয়াবাসহ ৫ জন ইয়াবা পাচারকারীকে আটক করা হয়। তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা এবং আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক