রাজাপুরে ১২ কোটি টাকা নিয়ে উধাও এনজিও, গ্রাহকদের মানববন্ধন ও বিক্ষোভ
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে বেসরকারি একটি এনজিওর বিরুদ্ধে গ্রাহকের প্রায় ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ‘গ্রাম বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি’ নামের ওই প্রতিষ্ঠানের তিন মালিক সম্প্রতি কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই আত্মগোপনে চলে যাওয়ায় ক্ষুব্ধ গ্রাহকরা শনিবার (১০ মে) বিকেলে প্রতিষ্ঠানটির উত্তমপুর কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
প্রায় ১২ বছর ধরে সক্রিয় এ সমবায় সমিতিতে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৬০০ জন গ্রাহক নিয়মিতভাবে ফিক্সড ডিপোজিট (এফডিআর) ও বিভিন্ন সঞ্চয় স্কিমে টাকা জমা করে আসছিলেন। হঠাৎ করে প্রতিষ্ঠানটির পরিচালক সাইফুল ইসলাম স্বপন, ফরিদ হোসেন ও সজল নিরুদ্দেশ হয়ে পড়লে গ্রাহকদের মধ্যে চরম উদ্বেগ ও অনিশ্চয়তা দেখা দেয়। মানববন্ধনে অংশ নিয়ে ভুক্তভোগী ফারজানা উসনাত জাহান ঊষা, মো. দুলাল, গোলাম মাওলা, মো. নান্না হাওলাদার, মো. রুবেল হোসেন, মো. আইউব আলী ও কুরছিয়া অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তারা কষ্টার্জিত অর্থ এই সমবায়ে জমা রেখেছিলেন। এখন কর্মকর্তারা হঠাৎ গা ঢাকা দেওয়ায় তারা আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়েছেন।
সমিতির এক ফিল্ড অফিসার মোসাঃ শাহনাজ জানান, মাসে ১ লাখ টাকায় ২ হাজার টাকা মুনাফার প্রলোভন দেখিয়ে তিনি নিজেই প্রায় দেড় কোটি টাকা গ্রাহকের কাছ থেকে সংগ্রহ করে অফিসে জমা দিয়েছিলেন। এ বিষয়ে সমিতির সভাপতি ও বড়ইয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ওবায়দুল হক ননী বলেন, গ্রাহকদের মূল টাকা ফেরত দেওয়ার প্রস্তুতি চলছে। তাই আপাতত মুনাফা প্রদানে বিরতি দেওয়া হয়েছে। তিনি আরও জানান, আগামী দুই বছরের মধ্যে গ্রাহকদের সব টাকা পরিশোধ করার পরিকল্পনা রয়েছে। এদিকে, ক্ষতিগ্রস্ত গ্রাহকরা এনজিওর মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং দ্রুত তাদের অর্থ ফেরতের দাবি জানিয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ