কক্সবাজারে উড়ন্ত বিমান থেকে খুলে পড়ল চাকা
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের পেছনের চাকা বিচ্ছিন্ন হয়ে পড়ে গেছে। তবে ঘটনাটি সত্ত্বেও ফ্লাইটটি পরবর্তীতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করতে সক্ষম হয়।
শুক্রবার বেলা ১টা ২০ মিনিটে কক্সবাজার থেকে ঢাকাগামী বিজি ৪৩৬ ফ্লাইটটি উড্ডয়ন করে। ড্যাশ ৮-৪০০ মডেলের এই বিমানে শিশুসহ মোট ৭১ জন যাত্রী ছিলেন। উড্ডয়নের অল্প সময় পরই পাইলট ঢাকা এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)-কে জরুরি অবতরণের অনুরোধ জানান। এ সংবাদ পেয়ে শাহজালাল বিমানবন্দরে জরুরি প্রস্তুতি নেওয়া হয়, এবং ফায়ার সার্ভিসের দল রানওয়ের পাশে মোতায়েন করা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর প্রথম আলোকে বলেন, "কক্সবাজারের রানওয়ে থেকে উড্ডয়নের পরপরই বিমানের পেছনের একটি চাকা বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ে যায়। বিষয়টি জানার পর আমরা জরুরি অবতরণের সিদ্ধান্ত নিই। আমাদের ইঞ্জিনিয়ারিং টিম রানওয়ে প্রস্তুত রাখে।" তিনি আরও জানান, "বেলা ২টা ২০ মিনিটে ফ্লাইটটি ঢাকায় নিরাপদে অবতরণ করে। সব যাত্রী নিরাপদে নামেন। বিমানের যান্ত্রিক ত্রুটি খতিয়ে দেখা হচ্ছে।"
বিমান বিশেষজ্ঞদের মতে, পেছনের একটি চাকা ছাড়াও নিরাপদ অবতরণ সম্ভব। তবে এ ধরনের ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ