বাংলাদেশ আনসার-ভিডিপি ও সম্ভভ টেকনোলজিস লিঃ এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর : ভিডিপি সদস্যদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন

বাংলাদেশ আনসার-ভিডিপি ও সম্ভভ টেকনোলজিস লিঃ এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর : ভিডিপি সদস্যদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের কনফারেন্স কক্ষে ২৬ জুন বৃহস্প্রতিবার বাহিনী এবং সম্ভভ টেকনোলজিস লিমিটেড'র মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্মারকের মূল লক্ষ্য হলো বাহিনীর প্রশিক্ষিত ভিডিপি সদস্যদের জন্য বিভিন্ন খাতে টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। এই সমঝোতা স্মারকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষে স্বাক্ষর করেন অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, এএফডব্লিউসি, পিএসসি ও সম্ভভ টেকনোলজিস লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের কো-ফাউন্ডার ও চীফ অপারেটিং অফিসার হাসিবুর রহমান। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাহিনীর উপমহাপরিচালক মোঃ রফিকুল ইসলাম ও উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধিতে সম্ভভ টেকনোলজিসের ভূমিকা।

এই সমঝোতার মাধ্যমে সম্ভভ টেকনোলজিস লিমিটেড বাহিনীর প্রশিক্ষিত ভিডিপি সদস্যদের জন্য জব প্রোভাইডারদের সাথে সেতুবন্ধন হিসেবে কাজ করবে। প্রশিক্ষণার্থীরা বিনামূল্যে সফট স্কিল উন্নয়নমূলক প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন, যা তাদের চাকরির বাজারে প্রতিযোগিতা মূলক সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে। এছাড়াও, প্রতিষ্ঠানটি বিনামূল্যে ভিডিও টিউটোরিয়াল সরবরাহ করবে, যা ভিডিপি সদস্যদের পেশাগত দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উল্লেখযোগ্য অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা ইতিমধ্যেই এই উদ্যোগের অংশ হিসেবে বিটাক থেকে প্রশিক্ষণ প্রাপ্ত ১১১ জন ভিডিপি সদস্যকে সিঙ্গার, মেটাডোর ও আরএফএল এর মতো স্বনামধন্য প্রতিষ্ঠানে চাকরির সুযোগ করে দেওয়া হয়েছে। বর্তমানে বিটাকের অধীনে প্রশিক্ষণরত আরও ৮৬ জন ভিডিপি সদস্যের জন্যও একই ধরনের সুযোগ সৃষ্টির প্রক্রিয়া চলমান রয়েছে।

বিশেষভাবে উল্লেখযোগ্য যে, জাপানের খ্যাতনামা প্রতিষ্ঠান আর্টনেচার-এ ১০০ জন ভিডিপি সদস্যকে এন্ট্রি লেভেল পদে নিয়োগের লক্ষ্যে সম্ভভ টেকনোলজিস লিমিটেড সক্রিয়ভাবে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। এই সমঝোতা স্মারক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভিডিপি সদস্যদের অর্থনৈতিক ক্ষমতায়ন এবং কর্মসংস্থানের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে, যা দেশের সামগ্রিক উন্নয়নেও সহায়ক হবে।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান