শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
স্বাস্থ্যখাতের সংস্কারের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বের করে দিয়েছেন হাসপাতালের কর্মচারীরা। এ সময় আন্দোলনের মূল সমন্বয়কারী মহিউদ্দিন রনিকে মারধরের জন্য খুঁজতে দেখা গেলেও, তিনি কর্মসূচি ঘোষণা করলেও অনশনস্থলে আসেননি।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে হাসপাতালের সামনে বান্দ রোডে নার্স, টেকনিশিয়ান ও তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীরা বিক্ষোভ মিছিল করে। তারা আন্দোলনকারীদের দাবিকে 'অযৌক্তিক' আখ্যা দেন।
আন্দোলনের মুখপাত্র নাভিদ নাসিফ বলেন, "আজ আমাদের গণঅনশনের কর্মসূচি ছিল। হামলার আগে আমরা দেখেছি, হাসপাতালের অ্যাপ্রোন পরা কর্মচারী, নার্স ও টেকনিশিয়ানরা এক রোগী ও তার স্বজনদের মারধর করেন। পরে তারা অনশনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।"
প্রত্যক্ষদর্শী মনির হোসেন বলেন, "হাসপাতালের কর্মীরা একজনকে নির্মমভাবে পিটিয়ে অনশনকারীদের লক্ষ্য করে 'রনি তুই গেলি কই', 'রনির গালে জুতা মারো' ইত্যাদি স্লোগান দেয়। পরে তারা শিক্ষার্থীদের ওপর চড়াও হয়।"
হাসপাতালের সহকারী পরিচালক ডা. মনিরুজ্জামান ঘটনা সম্পর্কে জানেন না বলে দাবি করেন। অন্যদিকে, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ. কে. এম. মশিউল মুনীরের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মোঃ আবু জাফর বুধবার বরিশালে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু তার ঘোষণার পরদিনই এই হামলার ঘটনা ঘটে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ