শরীয়তপুরে ছাত্রলীগের নেতা-কর্মীরা গোপনে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন

শরীয়তপুরে ছাত্রলীগের নেতা-কর্মীরা গোপনে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন
ছবিঃ নিজস্ব প্রতিবেদক

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

শরীয়তপুরের অন্তত তিনটি স্থানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা রাতের অন্ধকারে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করেছেন। গত বৃহস্পতিবার রাতে মাস্ক পরা কয়েকজন কর্মী গোপনে এই অনুষ্ঠানের আয়োজন করে।

পুলিশ সদর উপজেলার ডোমসা ও জাজিরার বিলাসপুর এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে। ডোমসা থেকে আটকরা হলেন—কাউসার ফকির (২৮), মামুন খান (২৬), আবদুল মান্নান বেপারী (২৩) ও মুন্না খান (২৫)। অন্যদিকে, বিলাসপুর থেকে আটক হয়েছেন শামীম মাদবর (২৮) ও আসাদ মুন্সি (১৮)।

ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজ বাংলাদেশ স্টুডেন্টস লীগ-এ এই অনুষ্ঠানের ভিডিও পোস্ট করা হয়েছে। তাতে দেখা গেছে, মাস্কধারী নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর ছবির সামনে মোমবাতি জ্বালিয়ে দোয়া ও প্রার্থনা করছেন। এ সময় তারা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেন।

স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট জাজিরায় সর্বশেষ প্রকাশ্যে আওয়ামী লীগের কর্মসূচি অনুষ্ঠিত হয়। এরপর থেকে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা রাতে মশালমিছিল, পোস্টার টাঙানো ও বাধা সৃষ্টির মতো কর্মকাণ্ড চালাচ্ছে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল ইসলাম বলেন, “বিলাসপুরের মুন্সিকান্দিতে রাত ১২টার দিকে ছাত্রলীগ কর্মীরা জড়ো হয়ে মোমবাতি জ্বালায় ও স্লোগান দেয়। পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে। বাকিরা পালিয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হবে।”

শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, “নিষিদ্ধ সংগঠনের সদস্যরা মুখোশ পরে অবৈধ সমাবেশ করেছে। ভিডিও বিশ্লেষণ করে তাদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে।”

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ