আসিফ নজরুলের প্রশ্ন: ডাক্তাররা কি ওষুধ কোম্পানির দালাল? রোগীদের কেন নির্দিষ্ট কোম্পানির ওষুধ কিনতে বলা হবে
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
আইন উপদেষ্টা আসিফ নজরুল চিকিৎসকদের উদ্দেশে কঠোর প্রশ্ন রেখেছেন—কেন রোগীদের নির্দিষ্ট কোম্পানির ওষুধ কেনার পরামর্শ দেওয়া হয়? তিনি বলেন, "বিশ্বের কোথাও হাসপাতাল বা ক্লিনিকে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের জন্য ডাক্তারদের নির্দিষ্ট সময় বরাদ্দ থাকে না। আপনারা কি ওষুধ কোম্পানির দালাল? এই দেশের বড় হাসপাতালের ডাক্তাররা কি ওষুধ কোম্পানির মধ্যস্বত্বভোগী? আপনারা নিজেদের কোন পর্যায়ে নামিয়ে আনছেন?"
শনিবার সকালে রাজধানীর শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের (বিপিএইচসিডিওএ) নবনির্বাচিত কমিটির অভিষেক ও বার্ষিক সভায় তিনি এ বক্তব্য দেন।
চিকিৎসকদের বিরুদ্ধে সাধারণ অভিযোগ: আসিফ নজরুল বলেন, "ডাক্তাররা রোগীর কথা ভালোভাবে শোনেন না, অপ্রয়োজনীয় পরীক্ষা দেন এবং নির্দিষ্ট কোম্পানির ওষুধ লিখে দেন। এই অত্যাচার বন্ধ করুন। এদেশের অনেক গরিব মানুষ আছে। বড়লোকদের গলা কাটলেও সমস্যা নেই, কিন্তু গরিব রোগীদের ১৪-১৫টি টেস্ট দেওয়ার প্রথা বন্ধ করুন।"
বেসরকারি হাসপাতালগুলোর দায়িত্ব: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান বলেন, "বেসরকারি হাসপাতালগুলোকে অবশ্যই অন্যায় মুনাফা বন্ধ করতে হবে। সরকারের পাশে বেসরকারি খাত না দাঁড়ালে স্বাস্থ্যসেবা পুনর্গঠন সম্ভব নয়।"
সভায় বিপিএইচসিডিওএ’র সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল সভাপতিত্ব করেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ