ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মা ও শিশু মারা যান!
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
বিরামপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা স্ত্রী ও তিন মাসের নবজাতক শিশুর মৃত্যু, চারিদিকে শোকের ছায়া! দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর পৌর শহরের সোনালী ব্যাংকের সামনে শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১১টার দিকে ঘটেছে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা। মোটরসাইকেলযোগে স্বামী-স্ত্রী ও তিন মাসের নবজাতক হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রাম থেকে নিজ বাড়ি বিরামপুর উপজেলার ধানঘরা গ্রামে ফিরছিলেন। স্থানীয় সূত্র জানায়, চলন্ত মোটরসাইকেলের পেছনে বসা স্ত্রী হঠাৎ ভারসাম্য হারিয়ে শিশুসহ রাস্তায় পড়ে যান। মুহূর্তের মধ্যেই পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মা ও শিশু মারা যান। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয়রা জানান, ঘটনাটি এত দ্রুত ঘটে যে, কাউকে কিছু বুঝে ওঠার সুযোগ মেলেনি। দুর্ঘটনার পর ঘাতক ট্রাক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে বিরামপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ সড়কের পাশে সরিয়ে রাখে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে, এ ঘটনায় বিরামপুর থানায় অজ্ঞাত ট্রাক ও চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান থানার ওসি মমতাজুল হক। ঘটনার কারণ অনুসন্ধান চলছে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান