রাজাপুরে ভিজিডি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ
দৈনিক বিজয় নিউজ ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলার ৫ নম্বর বড়ইয়া ইউনিয়নে ভিজিডি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় হতদরিদ্র মানুষ। সরকারি ভিজিডি কার্ড ও অন্যান্য সুযোগ-সুবিধা অর্থের বিনিময়ে প্রভাবশালীদের মাঝে বিতরণ এবং ব্যাপক অনিয়মের অভিযোগে উত্তেজনা বিরাজ করছে স্থানীয় জনগণের মাঝে।
রোববার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বড়ইয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়, যা এক ঘণ্টা ধরে চলে। এতে শতাধিক নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনকারীরা অভিযোগ করেন, প্রকৃত অসহায় ও দরিদ্র জনগণ দীর্ঘদিন ধরে ভিজিডি (দুস্থ মহিলা উন্নয়ন) কার্ড থেকে বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে, টাকা ও প্রভাব খাটিয়ে জনপ্রতিনিধিদের পছন্দের ব্যক্তিরাই এই তালিকায় স্থান পেয়েছেন।
বক্তাদের দাবি, 'আমরা অত্যন্ত দরিদ্র, অথচ সরকারি চাল ও ভিজিডি কার্ড থেকে আমাদের বাদ দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের সদস্যরা টাকা নিয়ে তাদের পছন্দের লোকজনকে কার্ড দিয়েছেন।' তবে তারা কোনও নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করেননি।
লতিফা বেগম, রেকসনা বেগম, মাকসুদা বেগম, নাছিমা বেগম, হামিদা বেগম, জাহানারা, খালেক হাওলাদার, চান মিয়া ও জাকির হোসেনসহ বেশ কয়েকজন ভুক্তভোগী মানববন্ধনে বক্তব্য দেন।
তারা দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে বড়ইয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাকসুদা বেগম বলেন, 'ভিজিডি কার্ডের জন্য হাজারেরও বেশি আবেদন জমা পড়েছিল। মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার যাচাই-বাছাই শেষে ৪০২ জনকে কার্ড দেওয়া হয়েছে। যারা কার্ড পায়নি, তাদের আন্দোলন বা মানববন্ধন করাটাই স্বাভাবিক।'
অতিরিক্ত দায়িত্বে থাকা রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জহিরুল ইসলাম বলেন, 'মানববন্ধন হওয়ার কথা শুনেছি। যারা মানববন্ধন করেছেন, তাদের আগামীকাল উপজেলা কার্যালয়ে আসতে বলা হয়েছে। আলোচনার পরে বোঝা যাবে যে কার্ড বিতরণে কোনও সমস্যা হয়েছিল কিনা। কারণ, যে সময়ে কার্ড বিতরণ করা হয়েছে, তখন আমি রাজাপুরের দায়িত্বে ছিলাম না।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন