পাবিপ্রবিতে রংপুর জেলার ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা
দৈনিক বিজয় নিউজ পাবিপ্রবি প্রতিনিধিঃ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) রংপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (২৪ অক্টোবর) রংপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির উপদেষ্টা সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ড. জাহিদুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাহাজাদা মিয়া এবং ইতিহাস বিভাগের প্রভাষক মোছাঃ শাহনাজ পারভিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে নতুন কমিটি প্রকাশ করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহসান উল্লাহ আলিফ এবং সাধারণ সম্পাদক হয়েছেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেসবাহ উস সালেহীন। রংপুর জেলা সভাপতি আহসান উল্লাহ আলিফ বলেন, "রংপুর জেলা সমিতি পাবিপ্রবির একটি পুরাতন ছাত্র কল্যাণ সমিতির মধ্যে অন্যতম। জেলা সমিতির গুরুত্বপূর্ণ দায়িত্বে আমাকে মনোনীত করার জন্য শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য ছাত্র কল্যাণ সমিতির সকল সদস্যদের সহযোগিতা কামনা করছি। আশা করছি, সকলের সৌহার্দ্যপূর্ণ আচরণ ও পারস্পরিক সহযোগিতায় রংপুর জেলা সমিতি এগিয়ে যাবে।" সাধারণ সম্পাদক মেসবাহ উস সালেহীন বলেন, "রংপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি আমাদের প্রাণের একটি সংগঠন। রংপুর থেকে পড়তে আসা সকল শিক্ষার্থীর জন্য এটি একটি পরিবারের মতো। সকলের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য এবং ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আমরা এগিয়ে যাব—এই আশাই ব্যক্ত করছি।"
দৈনিক বিজয় নিউজ/ ভাস্কর চন্দ্র রায়