গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ
দৈনিক বিজয় নিউজ গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের বাসন কলম্বিয়া এলাকায় অবস্থিত আলিফ ক্যাজুয়াল লিমিটেড পোশাক কারখানার প্রায় ৮০০ শ্রমিক দুই মাস (জুলাই ও আগস্ট)ের বকেয়া বেতনের দাবিতে সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এই অবরোধ প্রায় দেড় ঘণ্টা স্থায়ী হয়, যার ফলে মহাসড়কের দুই পাশে যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। সকাল সাড়ে ৯টার দিকে পুলিশের লাঠিচার্জের মাধ্যমে শ্রমিকদের ছত্রভঙ্গ করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয় ।
শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ বারবার ছুটির অজুহাত দেখিয়ে বেতন পরিশোধে টালবাহানা করছে। সেপ্টেম্বর মাস শুরু হওয়া সত্ত্বেও তাদের বকেয়া বেতন না পাওয়ায় দৈনন্দিক জীবনযাত্রা ও সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। বিশেষত, বাসাভাড়া পরিশোধ করতে না পারায় তারা বাড়িওয়ালাদের চাপের মুখে রয়েছেন ।
গাজীপুর শিল্প পুলিশের বাসন জোনের পরিদর্শক ফারুকুল আলমের বক্তব্য অনুযায়ী, কারখানা মালিকপক্ষ ২৮ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর এবং পরবর্তীতে ৬ থেকে ৭ সেপ্টেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে কারখানা বন্ধ রাখে, যা শ্রমিকদের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি করে । আলিফ ক্যাজুয়াল লিমিটেড কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো মন্তব্য দেয়নি ।
দৈনিক বিজয় নিউজ/ ই