মুগদায় নিজের বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার; গ্রেপ্তারের পর স্বামী কারাগারে
দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ
রাজধানীর মুগদা থানার দক্ষিণ মান্ডায় আফরিন সুলতানা ওরফে দিবা (২৪) নামের এক গৃহবধূর মৃত্যু রহস্যজনক পরিস্থিতিতে ঘটেছে। গত বুধবার বিকেলে দক্ষিণ মান্ডা প্রথম গলির একটি ভবনের সপ্তম তলা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আফরিনের পরিবারের অভিযোগ, তার স্বামী সাইফুল ইসলাম তাকে হত্যা করার পর সিলিং ফ্যানে ঝুলিয়ে আত্মহত্যার দৃশ্য সাজিয়েছেন। তবে পুলিশ সাইফুলের বিরুদ্ধে হত্যার মামলা গ্রহণ করেনি।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আফরিনের স্বামী সাইফুল ইসলামের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করে তাকে গ্রেফতার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যার চিহ্ন পাওয়া গেলে প্ররোচনার মামলাটিকে হত্যা মামলায় রূপান্তর করা হবে।
পুলিশ ও আফরিনের পরিবারের সূত্রে জানা যায়, সাত বছর আগে সাইফুল ইসলামের সঙ্গে আফরিনের বিয়ে হয়। তাদের প্রায় দুই বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। সাইফুল ইসলাম পরিবারসহ দক্ষিণ মান্ডা প্রথম গলির একটি ভবনের সপ্তম তলায় ভাড়া থাকতেন।
বুধবার আফরিনের সঙ্গে সাইফুলের ঝগড়া হয়। ওই দিন বিকেলে সাইফুল আফরিনের বাবার বাসায় গিয়ে তার বাবা আনোয়ারুল ইসলামকে জানান যে আফরিন সিলিং ফ্যানে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। আনোয়ারুল ইসলাম মুগদা থানায় খবর দিলে পুলিশ এসে আফরিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
আফরিনের বাবা মুহম্মদ আনোয়ারুল ইসলামের অভিযোগ, বিয়ের পর তারা জানতে পারেন যে সাইফুল বেকার ও মাদকাসক্ত। সংসার চালানোর জন্য তিনি আফরিনের মাধ্যমে তার কাছ থেকে নিয়মিত টাকা নিতেন। এছাড়াও, নেশার টানা আনার জন্য সাইফুল আফরিনকে মারধর করত। সাইফুলের আরেক নারীর সাথেও সম্পর্ক ছিল বলে তিনি অভিযোগ করেন।
আনোয়ারুল ইসলাম দাবি করেন, সাইফুল আফরিনকে পিটিয়ে হত্যা করে তার গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানে ঝুলিয়ে আত্মহত্যার দৃশ্য তৈরি করে। তিনি আরও উল্লেখ করেন, আত্মহত্যার কথা বলা হলেও আফরিনের পা খাটের ওপর ছিল এবং পুলিশ লাশ উদ্ধারের সময় ঘরের দরজা খোলা ছিল।
এ বিষয়ে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, আফরিনের মৃত্যু নিয়ে সন্দেহ রয়েছে, তবে কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগেই মামলা করা হয়েছে। সাইফুলকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে হত্যার প্রমাণ মিললে মামলাটি হত্যার মামলায় রূপান্তরিত হবে।
দৈনিক বিজয় নিউজ/ ই