কানাডায় বাংলাদেশিদের জন্য এনআইডি ও ভোটার নিবন্ধন সেবা চালু
দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ
বাংলাদেশ সরকার প্রবাসী নাগরিকদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পৃক্ত করার অঙ্গীকার বাস্তবায়নে গত বছর থেকে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণের উদ্যোগ গ্রহণ করে। এ উদ্দেশ্যে প্রবাসীদের জন্য অনলাইন ও অফলাইন পদ্ধতিতে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের কার্যক্রম সম্প্রতি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
অটোয়ায় বাংলাদেশ হাইকমিশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নির্বাচন কমিশনার এ কে এম হুমায়ূন কবির তার বক্তব্যে প্রবাসীদের দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদানের জন্য ধন্যবাদ জানান। তিনি প্রবাসীদের সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের জন্য কমিশন কর্তৃক গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন। তিনি বলেন, "গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে আরও উদ্ভাবনী করতে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে"। এ সম্পর্কিত তিনি আরও উল্লেখ করেন যে, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে বাংলাদেশের বিভিন্ন মিশন ও দূতাবাসে ডিজিটাল নিবন্ধন কেন্দ্র স্থাপন করা হবে।
নতুন প্রবিধান অনুযায়ী, অটোয়ায় বসবাসরত প্রবাসীরা এখন অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতেই ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এর জন্য আবেদন করতে পারবেন। তবে, সকল প্রবাসী এনআইডি পাবেন না, কারণ অনেক প্রবাসীর পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তাদের এনআইডি সংক্রান্ত তথ্য হালনাগাদ করা সম্ভব হয় না।
কানাডায় এ উদ্যোগ বাংলাদেশ হাইকমিশন ও অন্যান্য কর্তৃপক্ষের জন্য একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে, যা প্রবাসী নাগরিকদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিতকরণের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
দৈনিক বিজয় নিউজ/ ই