জাকসু: ভোট গুনতে লাগল ৪০ ঘণ্টা

জাকসু: ভোট গুনতে লাগল ৪০ ঘণ্টা
ছবিঃ ইসহাক রনি

দৈনিক বিজয় নিউজ সাভার প্রতিনিধিঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে। এতে সময় লেগেছে ৪০ ঘণ্টারও বেশি।

বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ ও নির্বাচন কমিশনের সঙ্গে সংশ্লিষ্ট অধ্যাপক আব্দুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, ‘সব হলের ভোট গণনা শেষ হয়েছে। সর্বশেষ আমার হলের ভোট গণনা বাকি ছিল, সেটাও শেষ হয়েছে।’ তিনি এ কথা বলেন বেলা তিনটার কিছুক্ষণ আগে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আলাদাভাবে সব হলের ভোট গণনা শেষ হওয়ায় এখন সব ভোট যোগ করে তা আবার যাচাই করে ফলাফল ঘোষণা করা হবে।

গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, যা চলেছে বিকেল ৫টা পর্যন্ত। ওই দিন রাত সোয়া ১০টায় শুরু হয় ভোট গণনা। আজ বেলা আড়াইটার পরে শেষ হয় ভোট গণনা। বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ভোট গণনা করা হয়। ভোট গণনা শেষ হওয়ার সময়সীমা ও নির্বাচনের ফলাফল প্রকাশ নিয়ে একেকবার একেক প্রতিশ্রুতি দিয়েছে নির্বাচন কমিশন।

গতকাল শুক্রবার রাতের মধ্যেই জাকসু ও ২১টি হল সংসদের ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।

এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম জানিয়েছিলেন, গতকাল শুক্রবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে সম্পূর্ণ গণনা শেষ করে বেসরকারিভাবে ফলাফল প্রকাশ করতে পারবেন তাঁরা। তার আগে তিনি গতকাল দুপুরে ফলাফল প্রকাশ করতে পারবেন বলে জানান।

সর্বশেষ নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী জানান, বেলা একটার মধ্যে ভোট গণনা শেষ হবে। সন্ধ্যা সাতটার মধ্যে ভোট গণনা শেষ করে, ফল প্রস্তুত করে ঘোষণা করতে পারবেন বলে আশা করছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।

দৈনিক বিজয় নিউজ/ ইসহাক রনি