আগামীকাল বন্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

আগামীকাল বন্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ফাইল ছবি

দৈনিক বিজয় নিউজ সাভার প্রতিনিধিঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আগামীকাল রোববার (১৪ সেপ্টেম্বর, ২০২৫) বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছেন। এই সিদ্ধান্ত অনুযায়ী, কাল বিশ্ববিদ্যালয়ের সকল অফিস ও ক্লাস বন্ধ থাকবে এবং পূর্বনির্ধারিত সকল পরীক্ষা স্থগিত করা হবে।

পরশু সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে ক্লাস ও অফিস স্বাভাবিক সময়ে খোলা থাকবে, তবে ঐ দিনের জন্য নির্ধারিত সকল চূড়ান্ত পরীক্ষা স্থগিত থাকবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) এই তথ্য জানানো হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর ভোটগ্রহণ প্রস্তুতি, ভোটগ্রহণ ও গণনা কার্যক্রম টানা চার দিন (১০ থেকে ১৩ সেপ্টেম্বর) ধরে চলায় সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা নিরলস পরিশ্রম ও মানসিক ক্লান্তিতে রয়েছেন। এই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আগামীকাল বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে গত তিন দিন ধরে ভোট গণনা কার্যক্রম অব্যাহত রয়েছে। নির্বাচন কমিশন আশা প্রকাশ করেছে যে আজ শনিবার সন্ধ্যার মধ্যে ভোট গণনা শেষ করে ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।

তবে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রম আগামীকাল রোববারও চলমান থাকবে। ভর্তি সংক্রান্ত সকল কার্যালয় খোলা থাকবে এবং ভর্তি প্রক্রিয়ার সাথে জড়িত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তাদের দায়িত্ব পালন করবেন।

দৈনিক বিজয় নিউজ/