পাবনা জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
শনিবার ১৩ সেপ্টেম্বর পাবনা জেলা পুলিশ লাইন্সে একযোগে অনুষ্ঠিত হলো জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড, কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা। এসব কর্মসূচিতে অংশ নেন জেলা পুলিশের সর্বস্তরের কর্মকর্তা ও সদস্যরা। সকাল সারে আটটায় অনুষ্ঠিত হয় মাস্টার প্যারেড। প্যারেডে অভিবাদন গ্রহণ করেন পাবনার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মোরতোজা আলি খাঁন। জেলা পুলিশের সকল স্তরের সদস্যগণ এই প্যারেডে অংশ গ্রহণ করেন। প্যারেড শেষে পুলিশ সুপার তার বক্তব্যে সকল সদস্যদের পেশাদারিত্বের সাথে এবং শৃঙ্খলার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।
এবারের মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বরদী সার্কেল, শ্রী প্রণব কুমার। সকাল সারে দশটায় পুলিশ লাইন্স শহীদ বীর মুক্তিযোদ্ধা এএসআই আব্দুল জলিল মিলনায়তনে অনুষ্ঠিত হয় মাসিক কল্যাণ সভা। সভায় পুলিশ সুপার মোঃ মোরতোজা আলি খাঁন বিগত মাসের কল্যাণ মূলক প্রস্তাবগুলো বাস্তবায়নের অনুমোদন দেন। একই সাথে,অফিসার ও ফোর্সদের সার্বিক সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দুপুর সারে বারোটায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই সভায় জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। সভায় পুলিশ সুপার জেলার সিনিয়র কর্মকর্তা, সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন। জুলাই মাসে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ তিন জন অফিসারকে নগদ অর্থ ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। এছাড়া, অবসরোত্তর ছুটিতে গমনকারী দু'জন সদস্যকে ক্রেস্ট ও জায়নামাজ প্রদান করা হয়। এসময় পাবনা জেলার পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান