ফরিদপুরে আসন পুনর্বিন্যাসের প্রতিবাদ; কাফনের কাপড় পরে সড়কে আন্দোলনকারীরা, আটকে আছে দুটি ট্রেন

ফরিদপুরে আসন পুনর্বিন্যাসের প্রতিবাদ; কাফনের কাপড় পরে সড়কে আন্দোলনকারীরা, আটকে আছে দুটি ট্রেন
ছবিঃ ই

দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ফরিদপুরঃ

ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে টানা তিন দিনের সকাল-সন্ধ্যা সড়ক ও রেল অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। রোববার সকাল ছয়টায় এ কর্মসূচি শুরুর মাধ্যমে আন্দোলন তীব্রতর হয়।

ভাঙ্গার হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় আজ সকালে কাফনের কাপড় গায়ে জড়িয়ে সড়কে শুয়ে পড়েন অবরোধকারীরা। এ সময় তারা “আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম”, “লড়াই করে বাঁচতে চাই”, “দালালি না স্বাধীনতা” এবং “রক্ত লাগে রক্ত নে, ভাঙ্গার মাটি ছেড়ে দে”-এর মতো স্লোগান দেন। অন্যরা রাস্তার ওপর দাঁড়িয়ে অবরোধ অবস্থান বজায় রাখেন।

ভাঙ্গা রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার রনি ব্যাপারী জানান, ঢাকাগামী নকশিকাঁথা ট্রেনটি ভাঙ্গা রেলস্টেশনের অদূরে আটকে আছে। অন্যদিকে, খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস সবুজ সংকেত না পেয়ে ভাঙ্গা জংশন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে।

নির্বাচন কমিশন গত ৪ সেপ্টেম্বর ফরিদপুর-৪ সংসদীয় আসনের অন্তর্গত ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ সংসদীয় আসনে যুক্ত করার গেজেট প্রকাশ করে। এর প্রতিবাদে ৫ সেপ্টেম্বর প্রথমবারের মতো ঢাকা-খুলনা ও ঢাকা মহাসড়ক অবরোধ করে স্থানীয় জনতা। সেই দিন অবরোধ কর্মসূচির মাধ্যমে তাদের দাবি মেনে নেওয়ার জন্য তিন দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়, কিন্তু দাবি বাস্তবায়ন না হওয়ায় গত মঙ্গলবার থেকে আবারও অবরোধ শুরু হয়। মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার পরপর তিন দিন সকাল-সন্ধ্যা অবরোধ পালন করা হয়।

গত শনিবার বিকেলে আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিক একটি সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, রোববার থেকে টানা তিন দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সড়ক ও রেল অবরোধ চলবে। এছাড়াও, নির্বাচন কমিশন ঘেরাও এবং দাবি না মানা হলে সব রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচন বর্জনের ডাক দেওয়ারও ঘোষণা দেওয়া হয়।

অবরোধের অংশ হিসেবে আজ সকাল ৭টা থেকে ৮টার মধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের আলগী ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এবং হামদী ইউনিয়নের মনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ শুরু হয়। সকাল ৮টা থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের পুখুরিয়া, হামিরদী ও মাধবপুর বাসস্ট্যান্ড এবং ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেও অবরোধ করা হয়।

এদিকে, গত রাতে আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিককে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বিকেল সাড়ে পাঁচটার দিকে সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। ভাঙ্গা থানার এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, যৌথ বাহিনী তাকে গ্রেপ্তার করে ফরিদপুরে নিয়ে গেছে।

দৈনিক বিজয় নিউজ/