আনসার-ভিডিপি'র মহাপরিচালকের নির্দেশনা নিয়ে প্রশিক্ষণ ক্লাস নিলেন রংপুর রেঞ্জ কমান্ডার
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের, রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস বৃহস্পতিবার ৩০ অক্টোবর কুড়িগ্রাম জেলায় চলমান উপজেলা আনসারের ৪র্থ ধাপের মৌলিক প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ সেশন ক্লাস পরিচালনা করেন। তিনি প্রশিক্ষণার্থীদের আনসার-ভিডিপি'র সদস্য হিসেবে করণীয় ও বর্জনীয় সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। ১৪ দিনব্যাপী এই আনসার মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যদের মধ্যে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোঃ আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ-এর দেওয়া সময়োপযোগী দিক নির্দেশনাগুলো উপমহাপরিচালক স্পষ্টভাবে ব্যাখ্যা করেন। রংপুর রেঞ্জ কমান্ডার তাঁর মূল্যবান বক্তব্যে বাহিনীর মহাপরিচালকের গৃহীত নানা আর্থ-সামাজিক উন্নয়ন মূলক কার্যক্রম, বিশেষ করে "সঞ্জীবন প্রজেক্ট" সম্পর্কে আলোচনা করে প্রশিক্ষণার্থীদের অবহিত করেন। তিনি প্রশিক্ষণ মডিউল অনুসারে বাহিনীর স্বল্পকালীন মোতায়েন পূজা এবং নির্বাচন বিষয়ক দায়িত্ব, সাংগঠনিক কাঠামো, রেঙ্ক-ব্যাজ পরিচিতি, আইন-কানুন, অস্ত্র পরিচালনা সহ প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের ওপর জোর দেন। উপমহাপরিচালক আশা প্রকাশ করেন, প্রশিক্ষণার্থীরা যেন ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে পারে। এরকম একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ আয়োজনের জন্য তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত অভিভাবক ডিজি'র প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। প্রশিক্ষণ চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুড়িগ্রাম জেলা কমান্ড্যান্ট এ এস এম সাকাওয়াত হোসেন, সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ মোরশেদ হোসেন এবং প্রশিক্ষণরত আনসার সদস্যগন। কুড়িগ্রাম জেলার ১৫০ জন আনসার সদস্য এই ১৪ দিন মেয়াদি প্রশিক্ষণে অংশ নিয়েছেন। প্রশিক্ষণের সার্বক্ষণিক প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন আনসার ভিডিপি'র রাজীবপুর উপজেলা কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান