জুলাই হত্যাকাণ্ড মামলায় প্রথমবারের মতো ট্রাইব্যুনাল থেকে জামিন মঞ্জুর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

জুলাই হত্যাকাণ্ড মামলায় প্রথমবারের মতো ট্রাইব্যুনাল থেকে জামিন মঞ্জুর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছবিঃ ফাইল

দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে প্রথমবারের মতো জামিন আদেশ দেওয়া হয়েছে।

রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর তিন সদস্যের বেঞ্চ লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারীর জামিন আবেদন মঞ্জুর করেন। ট্রাইব্যুনালের অন্যান্য সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

হুমায়ুন কবির পাটোয়ারী লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। ২০২৪ সালের আগস্ট মাসে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসামির আইনজীবীরা আদালতে উত্থাপন করেন যে হুমায়ুন কবির লিভার সিরোসিসে আক্রান্ত এবং একই রোগে তার দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থতার বিষয়টি মেডিক্যাল রিপোর্ট দ্বারা প্রমাণিত হয়।

প্রসিকিউশন পক্ষের প্রতিনিধি মো. মিজানুল ইসলাম আদালতকে জানান, গুরুতর অসুস্থতার মেডিক্যাল রিপোর্ট জমা দেওয়ায় জামিন আবেদনের বিরোধিতা করা কঠিন। তবে তিনি শর্তারোপের পরামর্শ দেন যাতে আসামি অন্যান্য অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করতে না পারেন।

ট্রাইব্যুনাল কয়েকটি শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেন:

  • আসামিকে স্থায়ী ঠিকানা দিতে হবে

  • গণমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো বক্তব্য দিতে পারবেন না

  • তদন্ত কর্মকর্তা ও ট্রাইব্যুনাল রেজিস্ট্রারকে জানানো ছাড়া ঠিকানা পরিবর্তন করতে পারবেন না

  • সাক্ষ্য-প্রমাণকে প্রভাবিত করার চেষ্টা করতে পারবেন না

আদালত সতর্ক করে দেন যে শর্ত লঙ্ঘন করলে জামিন বাতিল হয়ে যাবে এবং ভবিষ্যতে জামিনের আবেদন বিবেচনায় নেওয়া হবে না।

উল্লেখ্য, জুলাই মাসের ছাত্র আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। ২০২৪ সালের অক্টোবরে এই ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয় এবং ইতিমধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে।

এই মামলায় লক্ষ্মীপুর থেকে মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে হুমায়ুন কবির প্রথম ব্যক্তি যিনি জামিন পেলেন।

দৈনিক বিজয় নিউজ/