"দুই দশক পর বরিশালে আসছেন তারেক রহমান, ২৬ জানুয়ারি"
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৬ জানুয়ারি বরিশালে আসছেন। ঐদিন দুপুরে নগরের ঐতিহ্যবাহী বেলস পার্কে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
বিএনপির কেন্দ্রীয় সহ-সংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত বুধবার রাতে ঢাকার গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে চেয়ারম্যানের এই সফরের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। দলীয় সূত্র মতে, জনসভাটি বেলা ২টায় বান্দ রোডে অবস্থিত বেলস পার্কে অনুষ্ঠিত হবে। এই জনসভাকে সফল করার জন্য দলের নেতা-কর্মীরা ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ শুরু করেছেন। এ লক্ষ্যে আগামী রোববার বরিশাল ক্লাব মিলনায়তনে একটি প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেছিলেন, যখন তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছিলেন। এবার তিনি দলের চেয়ারম্যান হিসেবে বরিশালে আসছেন। নেতারা মনে করছেন, এই সফর বরিশাল অঞ্চলের বিএনপির রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে।
বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, “আগামী ২৬ জানুয়ারির জনসভাকে একটি জনসমুদ্রে পরিণত করতে আমরা সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি।”
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ