পটুয়াখালী-৪ আসনে জামায়াত জোটের প্রার্থীর সঙ্গে আওয়ামী লীগের যোগাযোগের অভিযোগ

পটুয়াখালী-৪ আসনে জামায়াত জোটের প্রার্থীর সঙ্গে আওয়ামী লীগের যোগাযোগের অভিযোগ
ছবি সংগৃহীত

দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে জহির উদ্দিন আহমেদের নাম আলোচিত। স্থানীয় রাজনীতিতে তিনি সম্প্রতি দলীয় জোট পরিবর্তন এবং অতীতে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে রয়েছেন।

জেলা নির্বাচন কার্যালয়ের সূত্রমতে, গত ২৮ ডিসেম্বর খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া জহির উদ্দিনকে পরবর্তীতে জামায়াতের নেতৃত্বাধীন ১০-দলীয় জোটের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। তাঁর নির্বাচনী প্রতীক ‘দেয়ালঘড়ি’।

এ আসনে পূর্বে জামায়াত-সমর্থিত জোটের প্রার্থী হিসেবে মোস্তাফিজুর রহমানের নাম চর্চায় ছিল। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ছিলেন। তবে দলটি হঠাৎ জোট থেকে সরে গেলে জহির উদ্দিন আহমেদ প্রার্থী হিসেবে সামনে আসেন।

পেশায় চক্ষুবিশেষজ্ঞ জহির উদ্দিন আহমেদ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। চিকিৎসক হিসেবে রাঙ্গাবালী ও কলাপাড়ায় তিনি বেশ পরিচিত। ২০১৯ সালে রাঙ্গাবালী উপজেলা চেয়ারম্যান নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থীকে ১৯ ভোটে পরাজিত করেন। ২০২৪ সালের উপজেলা নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হন।

স্থানীয় সূত্রে দাবি করা হয়, ২০২৪ সালের নির্বাচনে তৎকালীন সংসদ সদস্য মহিববুর রহমান তাকে আওয়ামী লীগের উপদেষ্টা মনোনীত করেন। পরে তিনি নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নৌকার প্রার্থীকে সমর্থন দেন বলে অভিযোগ রয়েছে।

জহির উদ্দিন আহমেদ এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, তিনি কখনো আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন না এবং তাঁর বিরুদ্ধে রাজনৈতিক মিথ্যাচার চলছে। তিনি দাবি করেন, "১০-দলীয় জোটের প্রার্থী হওয়ায় কেউ কেউ বিষয়টি মেনে নিতে পারছেন না। নানা কথা বলা হলেও আমার অগ্রযাত্রা থামবে না।"

রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের এক নেতা নাম গোপন রাখার শর্তে দাবি করেন, মহিববুর রহমানের নির্দেশনায় জহির উদ্দিনকে দলীয় উপদেষ্টা করা হয়েছিল এবং তিনি নিয়মিত আওয়ামী লীগের কর্মসূচিতে অংশ নিতেন। তাঁর সেই সময়ের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া যায় বলে ওই নেতা উল্লেখ করেন।

দৈনিক বিজয় নিউজ/ নাসির উদ্দিন