ঠাকুরগাঁওয়ে জামায়াতে ইসলামীর প্রার্থীর নির্বাচনী বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী মো. দেলোয়ার হোসেনের নির্বাচনী বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ উঠেছে। জানা গেছে, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠের সামনে স্থাপিত বিলবোর্ডটি গত রাতের আঁধারে ভাঙচুর করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে—দুজন ব্যক্তি মোটরসাইকেলে এসে হাতে অস্ত্র নিয়ে বিলবোর্ডটি ভাঙচুর করে দ্রুত স্থান ত্যাগ করে।
এ ঘটনায় প্রার্থী মো. দেলোয়ার হোসেন অভিযোগ করে বলেন, “আমরা জানি কারা বা কারা এ কাজে জড়িত। তবে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই কোনো স্বেচ্ছাচারী পদক্ষেপ নিচ্ছি না। কিন্তু বারবার এমন ঘটনা ঘটলে আমরা আর নীরব থাকব না। প্রমাণসহ দুষ্কৃতকারীদের আইনের হাতে তুলে দেওয়া হবে।” তিনি আরও বলেন, “ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের ফেস্টুন বিকৃতির ঘটনা সবারই স্মরণে আছে, যার প্রভাব নির্বাচনী ফলাফলেও পড়েছিল। ইনশাআল্লাহ, ঠাকুরগাঁওবাসীও প্রমাণ করবে—এখানকার দুষ্কৃতকারী ও কাপুরুষদের পরাজয় অবশ্যম্ভাবী।” এ সময় তিনি সতর্ক করে দিয়ে বলেন, “আমরা নতুন করে কোনো স্বৈরাচার গড়ে উঠতে দেব না। এ ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হলে আইনানুগ ব্যবস্থা নিতে আমরা বিন্দুমাত্র দ্বিধা করব না।”
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, “ঘটনাটির বিষয়ে আমরা অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” এদিকে রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম