ফিক্সিংয়ের দায়ে শ্রীলঙ্কায় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকের কারাদণ্ড
এএফপি : কলম্বো
দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ
শ্রীলঙ্কার একটি আদালত ম্যাচ ফিক্সিং-এর দায়ে লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) দল ডাম্বুলা থান্ডারসের মালিককে চার বছরের সাজা দিয়েছেন, যা পাঁচ বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। এছাড়া তাকে ২ কোটি ৪০ লাখ শ্রীলঙ্কান রুপি জরিমানা করা হয়েছে। আদালতের এক কর্মকর্তা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি তামিম রহমান একজন বাংলাদেশি-বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। তিনি একজন খেলোয়াড়কে প্রভাবিত করার চেষ্টা এবং জুয়া সংগঠনের অভিযোগ স্বীকার করেছেন। আদালতের কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, দোষ স্বীকারের পর তামিমকে দোষী সাব্যস্ত করে এই শাস্তি প্রদান করা হয়।
এই রায়টি শ্রীলঙ্কার ২০১৯ সালের খেলাধুলায় দুর্নীতি প্রতিরোধ আইনের অধীনে দেওয়া হয়েছে। তামিম রহমানকে ২০২৪ সালে কলম্বো বিমানবন্দর থেকে দুবাইগামী একটি ফ্লাইটে ওঠার আগে আটক করা হয়েছিল। কয়েক সপ্তাহ আটক থাকার পর তিনি জামিনে মুক্ত হন।
এছাড়া, আদালতের কর্মকর্তা জানিয়েছেন, একই মামলায় ডাম্বুলা দলের ম্যানেজার ও পাকিস্তানি নাগরিক মুজিব উর রেহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ ই