ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ১-আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ ব্রিফিং

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ১-আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ ব্রিফিং
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে ঢাকার উত্তরা ১-আর্মড পুলিশ ব্যাটালিয়নে কর্মরত পুলিশ সদস্যদের জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে বুধবার ৫ ফেব্রুয়ারি ব্যাটালিয়ন প্রাঙ্গণে একটি বিশেষ ব্রিফিং সেশনের আয়োজন করা হয়। বিশেষ ব্রিফিং সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচন কালীন সময়ে ও নির্বাচন পরবর্তীতে ব্যাটালিয়ান সদস্যদের করণীয় ও বর্জণীয় সম্পর্কে নানা দিক নির্দেশনা প্রদান করেন ১-আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মোঃ আব্দুল লতিফ। এছাড়া ব্রিফিংয়ে বক্তব্য রাখেন সহ-অধিনায়ক পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন। ব্রিফিংয়ে অধিনায়ক মোঃ আব্দুল লতিফ বলেন, “জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব। এই নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হয়, সে জন্য পুলিশের প্রতিটি সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, ধৈর্য ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।” তিনি আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের পক্ষপাতহীনতা বজায় রাখার পাশাপাশি মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন। সহ-অধিনায়ক শাহরিয়ার আল মামুন তাঁর বক্তব্যে বলেন, নির্বাচনকালীন সময়ে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদস্যদের সর্বদা সজাগ ও প্রস্তুত থাকতে হবে। তিনি দায়িত্ব পালনের সময় সংযম, সহনশীলতা এবং পরিস্থিতি অনুযায়ী বিচক্ষণ সিদ্ধান্ত গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেন। ব্রিফিং সেশনে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা, দায়িত্ব বণ্টন, ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মোকাবিলার কৌশল এবং জনসাধারণের সঙ্গে পেশাদার আচরণ বজায় রাখার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। একই সঙ্গে নির্বাচন সংশ্লিষ্ট যেকোনো সহিংসতা, বিশৃঙ্খলা বা আইনবহির্ভূত কার্যক্রম কঠোরভাবে দমন করার প্রস্তুতির কথাও পুনর্ব্যক্ত করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ১-আর্মড পুলিশ ব্যাটালিয়ন, উত্তরা, ঢাকা নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বদা তৎপর রয়েছে এবং প্রয়োজনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণে সম্পূর্ণ প্রস্তুত।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক