নওগাঁ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পথে নতুন অগ্রগতি বেঞ্চ-মার্ক স্থাপন কাজের উদ্বোধন

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পথে নতুন অগ্রগতি বেঞ্চ-মার্ক স্থাপন কাজের উদ্বোধন
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যে সরকার নির্ধারিত জায়গায় বেঞ্চ-মার্ক পিলার স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার ৫ ফেব্রুয়ারি দুপুর ১২টায় আনুষ্ঠানিক ভাবে এই কাজের উদ্বোধন করেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাছানাত আলী। উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য ড. হাছানাত আলী বলেন, এই শুভক্ষণটি নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। আমি নিজ হাতে এই কাজের উদ্বোধন করতে পেরে মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করছি। তিনি আরও বলেন, নওগাঁবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং স্থায়ী ক্যাম্পাস নির্মাণের মাধ্যমে উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হবে। জানা গেছে, বেঞ্চ-মার্ক পিলার স্থাপন কাজটি স্থায়ী ক্যাম্পাস নির্মাণের প্রাথমিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। এই কাজ সম্পন্ন হওয়ার মাধ্যমে ভবিষ্যতে ভূমি উন্নয়ন, নকশা প্রণয়ন ও অবকাঠামোগত নির্মাণ কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে। স্থানীয় শিক্ষাবিদ ও সচেতন মহল মনে করছেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মিত হলে উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হবে এবং এ অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উল্লেখ্য, নওগাঁবাসীর বহুদিনের প্রত্যাশা ছিল একটি পূর্ণাঙ্গ ও আধুনিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বেঞ্চ-মার্ক পিলার স্থাপন কাজের উদ্বোধনের মধ্য দিয়ে সেই প্রত্যাশা বাস্তবায়নের পথে নওগাঁ বিশ্ববিদ্যালয় আরও এক ধাপ এগিয়ে গেল। এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল  শিক্ষক মন্ডলী, কর্মকর্তা, কর্মচারী ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ / এম এ খালেক