রুমিনের পক্ষে কাজ করায় বিএনপির আরও ৩০ নেতাকে বহিষ্কার

ব্রাহ্মণবাড়িয়া-২

রুমিনের পক্ষে কাজ করায় বিএনপির আরও ৩০ নেতাকে বহিষ্কার
ছবিঃ এস এম আকাশ রহমান

দৈনিক বিজয় নিউজ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল) আসনে বিএনপির স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগে দলটির স্থানীয় ৩০ নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে। সরাইল উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম সালাউদ্দিন স্বাক্ষরিত দুটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সোমবার এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত ও শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর বলেন, "এ নেতারা দলীয় জোটের প্রার্থীর পরিবর্তে বহিষ্কৃত প্রার্থীর পক্ষে কাজ করেছেন। তাই সংগঠনিক শৃঙ্খলার অংশ হিসেবে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।"

বহিষ্কৃতদের মধ্যে শাহবাজপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অলি আহাদ, কালীকচ্ছ ইউনিয়নের সহসভাপতি সুফল উদ্দিন, নোয়াগাঁও ইউনিয়নের আলম মোতাইদ ও মোবরক হোসেন, শাহজাদাপুর ইউনিয়নের সহসভাপতি মফিজুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ পাঠান এবং সরাইল সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মহব্বত আলী প্রমুখ রয়েছেন।

এর আগেও রুমিন ফারহানার প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় ৫০ জনের বেশি নেতাকে বহিষ্কার করা হয়। এছাড়া শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ এস এম আকাশ রহমান