ধানের শীষের বাইরে ভোট দিলে ব্যবস্থা নেওয়ার হুমকি, বিএনপি নেতাকে জরিমানা
পঞ্চগড়-১ আসন
দৈনিক বিজয় নিউজ পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়-১ আসনে (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) বিএনপি প্রার্থীর সমর্থনে আয়োজিত এক উঠান বৈঠকে ‘ধানের শীষের বাইরে ভোট দিলে খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে’—এ ধরনের হুমকিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে দলটির এক নেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। সোমবার সকালে পঞ্চগড়-১ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক যুগ্ম জেলা জজ মিনহাজুর রহমান এ আদেশ দেন।
জরিমানাপ্রাপ্ত ব্যক্তি এম এ মজিদ পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। রায় ঘোষণার পর তিনি জরিমানার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছেন।
এর আগে গত ৪ ফেব্রুয়ারি পঞ্চগড়-১ আসনের শাপলা কলি প্রতীকের নির্বাচনী এজেন্ট নাসির উদ্দীন রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, ৪ ফেব্রুয়ারি তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় এক উঠান বৈঠকে বক্তব্যকালে এম এ মজিদ ভোটারদের উদ্দেশে বলেন, ‘ধানের শীষের বাইরে ভোট দিলে খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে।’ এ বক্তব্যের ফলে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়ায় এবং নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়।
রিটার্নিং কর্মকর্তার কাছে দায়েরকৃত অভিযোগটি নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিতে আমলে নেওয়া হয় এবং সোমবার শুনানি অনুষ্ঠিত হয়।
আদালত সূত্রে জানা যায়, সামারি ট্রায়ালে উভয় পক্ষই হাজির ছিলেন। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ধারা ৭৭(১)(ক) ও ৭৭(৩)(খ) অনুযায়ী এম এ মজিদের বিরুদ্ধে আনীত অভিযোগটি তাকে পড়ে শোনানো হয়। এ সময় তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ড না করার অঙ্গীকার দেন। এরপর তাকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের পরিবর্তে অর্থদণ্ড দেওয়া হয়।
আদালত এম এ মজিদকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন এবং ২৪ ঘণ্টার মধ্যে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে নির্দেশ দেন। টাকা জমা না দিলে সাত দিনের কারাদণ্ড ভোগের আদেশও দেওয়া হয়। পরে তিনি জরিমানার টাকা জমা দেন।
.দৈনিক বিজয় নিউজ/ দুর্জয় রায়